আইএসআইয়ের হয়ে গুপ্তচরবৃত্তি: পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার থেকে সাবেক ভারতীয় সেনা গ্রেপ্তার
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) পক্ষে গুপ্তচরবৃত্তির গুরুতর অভিযোগে ভারতের সেনাবাহিনীর এক সাবেক সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের আলিপুরদুয়ার জেলার ভারত-ভুটান সীমান্তবর্তী হাসিমারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশের একটি বিশেষ দল। দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম রাজবীর সিংহ। তিনি ভারতীয় সেনাবাহিনীর সাবেক ল্যান্স নায়েক। তার বাড়ি পাঞ্জাবের তারন তারান জেলার রসুলপুর গ্রামে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণা, পলাতক এক সহযোগীর সঙ্গে যৌথভাবে দেশীয় সংবেদনশীল তথ্য পাচার ও গুপ্তচরবৃত্তির কার্যক্রমে জড়িত ছিলেন তিনি।
মামলার অতিরিক্ত সরকারি কৌঁসুলি সৌমিত্র সিনহা সরকার গণমাধ্যমকে জানান, অভিযুক্তের অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে ধরতে পাঞ্জাব পুলিশের একটি দল পশ্চিমবঙ্গে অভিযান পরিচালনা করে। তিনি বলেন, আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রেখে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কিত গোপনীয় ও সংবেদনশীল তথ্য পাচারের সুনির্দিষ্ট অভিযোগে তাকে আটক করা হয়েছে।
এদিকে আসামিকে দ্রুত পাঞ্জাবে নিয়ে যাওয়ার আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে শিলিগুড়ির একটি আদালত ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ৮ অক্টোবর পাঞ্জাবে এ সংক্রান্ত মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারে অভিযুক্তের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বা দাপ্তরিক গোপনীয়তা আইনে অভিযোগ আনা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











