পোশাক খাতে অস্থিতিশীলতা তৈরিতে রাজনৈতিক মহলের মদত রয়েছে: শ্রমমন্ত্রী
চলমান শ্রমিক আন্দোলনের পেছনে একটি বিশেষ রাজনৈতিক দলের উসকানি রয়েছে বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আন্দোলনকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সংবাদমাধ্যমে নিরপেক্ষ তথ্য প্রকাশের আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী এসব কথা বলেন।
মিরপুরে বকেয়া বেতন ও নানা দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ কর্মসূচির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, পোশাক শ্রমিকদের এই আন্দোলনের আড়ালে রাজনৈতিক স্বার্থসিদ্ধির চেষ্টা চলছে। আন্দোলনকারীদের মধ্যে প্রকৃত শ্রমিক কতজন আর বাইরে থেকে কারা যুক্ত হয়েছেন, তা গণমাধ্যমের কাছে স্পষ্ট। সাংবাদিকদের সেই চিত্র তুলে ধরার অনুরোধ জানান তিনি।
মন্ত্রী আরও জানান, শ্রমিকদের পাওনা বেতন দ্রুত পরিশোধের কার্যকর নির্দেশনা ইতোমধ্যে দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের দাবির পরিপ্রেক্ষিতে রোববারই নতুন মজুরি বোর্ড গঠন করতে যাচ্ছে সরকার। এই বোর্ডে শ্রমিক প্রতিনিধি এবং বিজিএমইএ ও বিকেএমইএ-এর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন।
সমস্যার স্থায়ী সমাধানে সরকারের ইতিবাচক মনোভাবের কথা জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, "আমরা আলোচনার মাধ্যমেই সব সংকটের সমাধান করতে চাই। তবে সরকারের এই ধৈর্য বা নমনীয়তাকে দুর্বলতা ভেবে নেওয়ার কোনো সুযোগ নেই। জনস্বার্থে সরকার তার আইনগত দায়িত্ব পালনে পিছপা হবে না।" সব পক্ষকে নোংরা রাজনীতি থেকে দূরে থেকে দায়িত্বশীল ও দেশপ্রেমিকের মতো আচরণের আহ্বান জানান তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











