জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অর্থমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে জাপানের অর্থমন্ত্রী সাতসুকি কাতায়ামা ও সহকারী অর্থমন্ত্রী মিমুরা আতসুসির একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) জাপানের অর্থমন্ত্রীর কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠকটি সম্পন্ন হয়। বৈঠকে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা এবং বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
আলোচনাকালে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের পরীক্ষিত ও দৃঢ় অর্থনৈতিক বন্ধুত্বের কথা স্মরণ করা হয়। উভয় দেশের অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় উন্নীত করতে এবং সহযোগিতার ক্ষেত্রগুলো আরও বিস্তৃত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে বলা হয়, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সম্পর্ক দিন দিন আরও সম্প্রসারিত হচ্ছে।
বৈঠকে বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন ও বাণিজ্য প্রসারের পাশাপাশি সরাসরি বৈদেশিক বিনিয়োগের (এফডিআই) বাইরে বিকল্প অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দেওয়া হয়। এছাড়া বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ককে আরও গতিশীল করতে এবং নতুন নতুন খাতে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ ঐকমত্য প্রকাশ করেন। এ সময় বাংলাদেশের অর্থমন্ত্রী জাপানি বিনিয়োগ আরও বাড়াতে এবং রপ্তানি বহুমুখীকরণে সে দেশের অর্থমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর গনিসহ উভয় দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাপান বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপক্ষীয় উন্নয়ন সহযোগী দেশ। বর্তমানে দেশটির আর্থিক সহায়তায় মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (মেট্রোরেল), যমুনা রেলসেতু এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণসহ মোট ৮০টি মেগা উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











