রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২টায় দ্বিতীয় দফায় পারমাণবিক বিক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। এরপর থেকেই অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রিত উপায়ে শক্তি ও বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরু করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটে পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর জন্য সবুজ সংকেত দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এই অনুমোদনের মাধ্যমে চুল্লিতে প্রথমবারের মতো স্বয়ংসম্পূর্ণ চেইন রিঅ্যাকশন বা পরমাণু বিভাজন প্রক্রিয়া সৃষ্টি করা হয়, যার মাধ্যমে নিরাপদ ও স্থায়ী বিদ্যুৎ উৎপাদনের পথ উন্মুক্ত হয়। আগের সব পরীক্ষামূলক কার্যক্রম সফলভাবে শেষ হওয়ার পরই এই ধাপটি সম্পন্ন হলো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-র নির্দেশিকা অনুসরণ করে রাশিয়ার কারিগরি সহায়তায় এই মেগা প্রকল্পের প্রথম ইউনিটের ‘বি ওয়ান’ স্টেজ সাফল্যের সঙ্গে পার হয়েছে। এর আগে স্বয়ংক্রিয় চাপ প্রশমন ভালভ পরীক্ষার সঙ্গে জড়িত জটিলতাও সফলভাবে সমাধান করা হয়। এরপর ‘বি টু’ ধাপের মাধ্যমে চুল্লিটি প্রাথমিক অপারেশনের উপযোগী করা হয় এবং পরবর্তীতে ক্রিটিক্যালিটি পর্যায়ে প্রবেশ করা হয়।
এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ৩০০ মেগাওয়াটে উন্নীত হলে তা জাতীয় গ্রিড বা সঞ্চালন লাইনে যুক্ত হবে এবং বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
এদিকে, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ভিভিইআর-১২০০ চুল্লির প্রাথমিক লোডিংয়ের জন্য প্রয়োজনীয় পারমাণবিক জ্বালানি পাঠানো শুরু করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন (রোসাটম)। গত বৃহস্পতিবার সকালে এক দাপ্তরিক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে রুশ এই সংস্থাটি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











