দেশে নতুন স্বৈরাচারের উত্থান দেখা যাচ্ছে, ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের
গণঅভ্যুত্থানে রক্তক্ষয়ী পথ পেরিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটলেও দেশে বর্তমানে নতুন এক স্বৈরাচারের উত্থান লক্ষ্য করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এই পরিস্থিতি মোকাবেলায় পতিত ও নব্য—দুই স্বৈরাচারী শক্তিকেই পরাজিত করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও জ্বালানিমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন। তা না হলে রাজপথের আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে এনসিপি আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সমাবেশে তিনি বলেন, নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুতের তীব্র সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার প্রাথমিক দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর বর্তায় উল্লেখ করে তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের নিরাপত্তা ব্যবস্থার দিকে নজর না দিয়ে সংবিধান সংশোধনের কাজে ব্যস্ত আছেন।
এ সময় তিনি একতরফাভাবে গঠিত সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি জানান এবং জুলাই সনদের প্রতিশ্রুতির আলোকে অবিলম্বে 'সংবিধান সংস্কার পরিষদ' গঠনের তাগিদ দেন।
নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার, ৩১ দফা ও জুলাই সনদের মূল চেতনা থেকে সরে গিয়ে সরকার পরিচালনায় দুর্নীতি, লুটপাট ও দখলদারত্বের পথ বেছে নিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় এবং আসছে ডিসেম্বরের সম্ভাব্য রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্ম ও জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
আন্তর্জাতিক ও আঞ্চলিক রাজনৈতিক বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ভারতীয় করিডর সুবিধার বিরোধিতা করেন এবং বলেন, বাংলাদেশিরা কোনো অবৈধ করিডর মেনে নেবে না। একই সঙ্গে সীমান্ত হত্যা, পাহাড়ি অঞ্চলের অস্থিতিশীলতা এবং আসন্ন গঙ্গা চুক্তি ন্যায্যতার ভিত্তিতে নবায়নে ব্যর্থ হলে নতুন আন্দোলনের হুঁশিয়ারি দেন।
অনুষ্ঠানে এনসিপির অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন গ্যাসের মূল্য বৃদ্ধি ও মূল্যস্ফীতি নিয়ে সরকারের নীতির সমালোচনা করেন। অন্যদিকে, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় পরিকল্পনার কথা জানান এবং একটি নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনঃব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











