ইরান সংঘাতের সামরিক সমাধান নেই, বলছেন জার্মান চ্যান্সেলর
ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই বলে মন্তব্য করেছেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মার্জ। সেই সঙ্গে এই মধ্যপ্রাচ্য সংকটের জেরে গত আট মাসে ইউরোপের জ্বালানি বাবদ অতিরিক্ত ১০০ বিলিয়ন ইউরোর বেশি ব্যয় হয়েছে বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সময় গত শুক্রবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান চ্যান্সেলর এই কথা জানান। এ সময় তিনি উল্লেখ করেন, সংঘাতের স্থায়ী অবসানে জার্মানি বর্তমানে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার ও সমন্বিত করছে।
সাংবাদিকদের সামনে তিনি বলেন, জ্বালানি মূল্যবৃদ্ধির ফলে ইউরোপের সাধারণ ভোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে এই সংঘাতের কারণে ১০০ বিলিয়ন ইউরোর বেশি অতিরিক্ত অর্থ গুনতে হয়েছে। এই পরিস্থিতির দ্রুত অবসান ঘটানোর পেছনে তাদের জোরালো অর্থনৈতিক স্বার্থও রয়েছে বলে জানান তিনি।
যুদ্ধ বন্ধের ক্ষেত্রে আলোচনার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মার্জ বলেন, এই সংকট কোনোভাবেই সামরিক উপায়ে নিরসন করা সম্ভব নয়। বর্তমান মধ্যপ্রাচ্য সংঘাতের নেতিবাচক প্রভাব ইউরোপের সামগ্রিক অর্থনীতি এবং জ্বালানি বাজারে স্পষ্টভাবে দৃশ্যমান হচ্ছে। জ্বালানির চড়া দাম একদিকে যেমন শিল্পোৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ও বহুগুণ বাড়িয়ে তুলেছে। এহেন পরিস্থিতিতে যুদ্ধের সমাপ্তি এবং জ্বালানি বাজারের স্থিতিশীলতা ফেরাতে কূটনৈতিক উদ্যোগ বাড়ানোর ওপর জোর দিচ্ছে বার্লিন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











