রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ওলেশকি থেকে ইউক্রেনীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে

৩১ অক্টোবর ২০২৬ - ১০:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ওলেশকি থেকে ইউক্রেনীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে
ছবি: সংগৃহীত

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলের ওলেশকি শহর থেকে ইউক্রেনীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে। স্থানীয় যুদ্ধবিরতির চতুর্থ দিনে শুক্রবার (৩০ অক্টোবর) এই মানবিক কার্যক্রম পরিচালিত হয়। ইউক্রেনের আইনপ্রণেতা ও আলোচক ডেভিড আরাখামিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

​ডেভিড আরাখামিয়া জানান, ওলেশকি থেকে ইউক্রেনীয় প্রতিনিধি দল উদ্ধার হওয়া বাসিন্দাদের নিয়ে আনাপার উদ্দেশে রওনা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সেখান থেকে তাদের বেলারুশে নেওয়া হবে এবং পরবর্তীতে বাসে করে নিজেদের দেশে ফিরিয়ে আনা হবে।

​এর আগে শুক্রবার খাদ্যদ্রব্য ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্দেশ্যে ২৫টি বাস ও কয়েকটি অ্যাম্বুলেন্সের একটি বহর ওলেশকি শহরে পৌঁছায়। সাহায্য পৌঁছানোর পাশাপাশি যারা শহর ছেড়ে চলে যেতে চান, তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়।

​অনলাইনে প্রকাশিত এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের প্রধান কিরিলো বুদানভ জানান, ওলেশকিতে মানবিক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে তিনি নিজে এই প্রতিনিধি দলে উপস্থিত নেই বলে উল্লেখ করেন।

​অন্যদিকে রাশিয়ার মানবাধিকারবিষয়ক ন্যায়পাল ইয়ানা লানত্রাতোভা উদ্ধার অভিযান শেষ হওয়ার কথা নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানান, যেসব বাসিন্দা রাশিয়ার ভূখণ্ডে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাদের নিয়ে বহরটি ইতোমধ্যেই রাশিয়ার উদ্দেশে রওনা দিয়েছে।

​বিদ্যমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেন ও রাশিয়ার কর্মকর্তাদের এমন উদ্যোগকে একটি বিরল মানবিক সহযোগিতার দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবক সূত্রে জানা গেছে, ওলেশকি শহরে এখনো প্রায় দুই হাজার মানুষ অবস্থান করছেন। খেরসন অঞ্চলে ঘোষিত এই স্থানীয় যুদ্ধবিরতি রোববার সন্ধ্যা পর্যন্ত বহাল থাকার কথা রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0