একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে বড় পতন

৩১ অক্টোবর ২০২৬ - ১০:৩৫
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
একদিনের ব্যবধানে দেশের বাজারে সোনার দামে বড় পতন
ছবি সংগৃহীত

দেশের বাজারে আবারও কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনের ব্যবধানে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। সোনার পাশাপাশি কমানো হয়েছে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনা এবং রুপার দামও।

​শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। এর আগে শুক্রবারও সোনার দাম কমিয়েছিল সংগঠনটি, যা টানা দুই দিন দর হ্রাসের ঘটনা।

​বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ড ও সিলভারের দাম হ্রাসের বিষয়টি পর্যালোচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়।

​নতুন নির্ধারিত দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার গয়না ১৮ হাজার ৬৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে, যার ফলে এক ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ১৭ হাজার ৮১৫ টাকা হিসেবে এক ভরির দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনা ১৫ হাজার ৩০০ টাকা হিসেবে এক ভরির দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকায় দাঁড়াল। অন্যদিকে সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করায় এক ভরির দাম ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা হয়েছে।

​ভরির হিসেবে পর্যালোচনায় দেখা যায়, ২২ ক্যারেটে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা, ২১ ক্যারেটে ৫ হাজার ২৪৯ টাকা, ১৮ ক্যারেটে ৪ হাজার ৪৮১ টাকা এবং সনাতন পদ্ধতিতে ৩ হাজার ৬৭৪ টাকা কমানো হয়েছে।

​সোনার সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপা ৩০০ টাকা, ২১ ক্যারেট ২৯০ টাকা, ১৮ ক্যারেট ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপা ১৯০ টাকা নির্ধারণ করা হয়েছে।

​বাজুস জানিয়েছে, নির্ধারিত মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট নেওয়া যাবে না। তবে গয়নার ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি প্রযোজ্য হবে। পুরোনো গয়না পরিবর্তনের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম বহাল থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0