গোড়ালির চোটে চার সপ্তাহ মাঠের বাইরে পেসার মারুফা আক্তার
ডান পায়ের গোড়ালির পুরনো ব্যথায় ভুগছেন জাতীয় দলের নারী ক্রিকেটার মারুফা আক্তার। অতিরিক্ত চাপ পড়লেই এই ব্যথা বৃদ্ধি পায় এবং তা পায়ের পাতার নিচেও ছড়িয়ে পড়ে। এই শারীরিক অস্বস্তি নিয়ে মাঠে খেলা চালিয়ে গেলে বড় ধরনের ইনজুরিতে পড়ার ঝুঁকি রয়েছে। সে কারণে চিকিৎসকদের পরামর্শে তাঁকে কনজারভেটিভ চিকিৎসার আওতায় রাখা হয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে, টাইগ্রেস এই পেসারের পায়ে কাস্ট ব্যান্ডেজ করা হয়েছে, যা আগামী চার সপ্তাহ রাখা হবে। চিকিৎসকদের পক্ষ থেকে ছাড়পত্র পাওয়া সাপেক্ষে আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে তাঁর ক্রিকেটে ফেরার সম্ভাবনা রয়েছে। এদিকে মারুফাকে ছাড়াই নিউজিল্যান্ড সফরের পরিকল্পনা সাজাচ্ছে বিসিবির নারী বিভাগ। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ দল তিনটি করে ওয়ানডে ও টি২০ ম্যাচের সিরিজ খেলবে। মারুফার অনুপস্থিতিতে তাঁর বিকল্প পেসার খুঁজছেন নির্বাচকরা।
অন্যদিকে, দলের অন্যতম সেরা এই পেসারকে ছাড়াই উইম্যান ইমার্জিং নেশনস ট্রফি-২০২৬ খেলতে হচ্ছে বাংলাদেশ দলকে। আগামী ১২ থেকে ২৬ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে ১০ দলের এই টি২০ টুর্নামেন্ট। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে ‘বি’ গ্রুপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। এই গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ হলো থাইল্যান্ড, নেদারল্যান্ডস ও জিম্বাবুয়ে।
গ্রুপ পর্বের সূচি অনুযায়ী, ১৩ নভেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে লড়বে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনী ও স্বাগতিক আরব আমিরাত।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











