মুক্তির আগেই ইতিহাস গড়ল শাহরুখের ‘কিং’, আন্তর্জাতিক স্বত্ব বিক্রি ১৭৫ কোটিতে
বলিউড সুপারস্টার শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তি পাওয়ার আগেই নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসার কথা থাকা এই চলচ্চিত্রটিকে ঘিরে বিশ্বজুড়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। সিনেমাটি নিয়ে ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে এর সাম্প্রতিক আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বের রেকর্ড পরিমাণ বিক্রির খবর।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘কিং’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে (প্রায় ১৮ মিলিয়ন ডলার)। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে বিদেশি স্বত্ব বিক্রির দিক থেকে এটি একটি অনন্য রেকর্ড। এই প্রথম কোনো ভারতীয় ছবির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্বের মূল্য ১০০ কোটি রুপির গণ্ডি পার করল। শাহরুখ খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে এই স্বত্ব কিনে নিয়েছে ফারাস ফিল্মস। এর আগে প্রভাসের ‘সাহো’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্ব সফলভাবে পালন করেছিল এই প্রতিষ্ঠানটি।
এর আগে শাহরুখ খানের শেষ ছবিগুলোর আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে ‘কিং’-এর ক্ষেত্রে সেই দায়িত্ব গেছে ফারাস ফিল্মসের হাতে। বড় অঙ্কের এই চুক্তির পর ছবিটির সামনে বড় ধরনের ব্যবসায়িক লক্ষ্যও রয়েছে। ২০২৩ সালে ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর ‘কিং’ নিয়ে দর্শকদের প্রত্যাশা আকাশচুম্বী। ছবিটির আন্তর্জাতিক বাজারে ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে পারলে তা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রায় ৪০০ কোটি রুপির কাছাকাছি আয়ের রেকর্ড ভাঙার পথে এক ধাপ এগিয়ে যাবে।
পরিচালক সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল ও সৌরভ শুক্লা। ২০২৩ সালে ‘পাঠান’ ছবির পর এই জুটির দ্বিতীয় কাজ হওয়ায় সিনেমাটি নিয়ে সিনেপ্রেমীদের আগ্রহ এখন তুঙ্গে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











