সিটি করপোরেশনে সোমবার থেকে শুরু ই-রিকশার নিবন্ধন, আপাতত বন্ধ হচ্ছে না কোনো রিকশা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত স্বল্প গতির ই-রিকশা নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম সোমবার (২ নভেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। পর্যায়ক্রমে সব ই-রিকশাকে নিবন্ধনের আওতায় আনা হবে। তবে বর্তমানে চলাচলরত রিকশাগুলোর মালিক বা চালকদের আতঙ্কের কোনো কারণ নেই; বৈধ বা অবৈধ রিকশাগুলো আপাতত বন্ধ না হয়ে চলাচল অব্যাহত রাখবে।
রবিবার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী জানান, সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচলের শৃঙ্খলা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে একটি পূর্ণাঙ্গ বিধিমালা প্রণয়ন করেছে। বিধিমালার আওতায় একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে যেকোনো এক বা একাধিক সিটি করপোরেশন এলাকা থেকে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশার নিবন্ধন নেওয়া যাবে।
তিনি স্পষ্ট করেন যে, অনুমোদন ও নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা চলাচল করতে দেওয়া হবে না। প্রতিটি বাহনে বাধ্যতামূলকভাবে স্পিডোমিটার যুক্ত করতে হবে, যার অনুমোদিত সর্বোচ্চ গতিসীমা থাকবে প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার। তবে স্কুল, হাসপাতাল, ধর্মীয় উপাসনালয় এবং অধিক জনবহুল এলাকায় এই গতিসীমা প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৫ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। নিবন্ধনের তারিখ থেকে একটি ই-রিকশার অর্থনৈতিক স্থায়িত্বকাল (ইকোনমিক লাইফ টাইম) ধরা হয়েছে ১২ বছর।
ফি ও যাত্রীর ধরণ সম্পর্কিত তথ্যে প্রতিমন্ত্রী জানান, দুই জন যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার জন্য এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর চার জন যাত্রী ধারণক্ষমতার রিকশার ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা করা হয়েছে। চালকদের শৃঙ্খলা ও চলাচলের সুবিধার্থে শিগগিরই জোনভিত্তিক রুট নির্ধারণ এবং রিকশার নির্দিষ্ট রং চূড়ান্ত করা হবে।
ই-রিকশা পরিচালনা ও পরিবেশ সুরক্ষা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, রিকশার ব্যাটারি চার্জিংয়ের কাজ নিবন্ধিত ও অনুমোদিত স্টেশন থেকেই সম্পন্ন করতে হবে। কেউ অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ব্যাটারি চার্জ দিলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমতি ছাড়া ই-রিকশার পুরোনো ব্যাটারি ভাঙা বা রিসাইকেল করা যাবে না।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











