অযথা বিরোধিতা না করে দেশ গড়ার আহ্বান মির্জা আব্বাসের, অপকর্মের বিরুদ্ধে হুঁশিয়ারি
সরকার ও বিএনপিকে তথাকথিত বিরোধী দল বিব্রত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, অনেকেই অনেক কিছু ভাবলেও বিএনপি এখনো মাঠে নামেনি; দল মাঠে নামলে বিরোধীরা পালানোর পথ পাবে না।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার অন্তর্গত শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস আফসোস প্রকাশ করে বলেন, স্বাধীনতার এত বছর পরও বাংলাদেশ পুরোপুরি কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। এই পরিস্থিতিতে অযথা বিরোধিতা না করে সঠিক পরামর্শের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর নাম উল্লেখ না করে ইঙ্গিত দিয়ে বিএনপি নেতা বলেন, এক শ্রেণির লোক নিজের শক্তিতে না পেরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তিনি মনে করিয়ে দেন, গণতান্ত্রিক আন্দোলনের অধিকার সবার থাকলেও কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা শক্ত হাতে প্রতিহত করা হবে।
ভারত থেকে আওয়ামী লীগের কিছু নেতার ফেরার গুঞ্জন প্রসঙ্গে তিনি বলেন, টাকার লোভে বিএনপির ভেতরের কিছু লোক যদি তাদের আশ্রয় দেয়, তবে তাদেরও কোনো ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের দোসর ও শত্রুপক্ষের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে ঠাঁই হবে না উল্লেখ করে তিনি রূপ পরিবর্তনকারী সুযোগ সন্ধানীদেরও হুঁশিয়ারি দেন।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং যুবদলের ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











