তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানোর প্রস্তাব ও হরমুজ প্রণালি খোলার আভাস ইরানের

৩১ অক্টোবর ২০২৬ - ১৬:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
তৃতীয় দেশে ইউরেনিয়াম সরানোর প্রস্তাব ও হরমুজ প্রণালি খোলার আভাস ইরানের
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি সমঝোতা চুক্তির প্রাথমিক রূপরেখা সামনে এসেছে। প্রস্তাবিত কাঠামোর আওতায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পারস্পরিক সম্মতির ভিত্তিতে যেকোনো একটি তৃতীয় দেশে সরিয়ে নিতে সম্মত হতে পারে। এর পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমিয়ে আনা এবং চুক্তি স্বাক্ষরের সাত দিনের মধ্যে আন্তর্জাতিক নৌযানের নিরাপত্তার স্বার্থে হরমুজ প্রণালি উন্মুক্ত করে দেয়ার শর্ত অন্তর্ভুক্ত রয়েছে। সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়া ইংলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

​খসড়া চুক্তিতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যস্থতাকারী ও চুক্তিটির দীর্ঘমেয়াদি নিশ্চয়তাদাতা হিসেবে ভূমিকা রাখতে পারে চীন। একই সঙ্গে আলোচনা আয়োজনের স্থান হিসেবে তুরস্কের ইস্তাম্বুলের পরিবর্তে কাতারের দোহাকে নির্ধারণের কথা বলা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করলে তার বিনিময়ে যুক্তরাষ্ট্র দেশটির ওপর আরোপিত বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অবরোধ শিথিল করবে।

​চুক্তিটি যথাযথভাবে পালিত হচ্ছে কি না, তা পর্যালোচনার জন্য একটি স্বাধীন তদারকি ব্যবস্থা চালুর সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়, কোনো পক্ষ চুক্তি লঙ্ঘন করলে বা বিলম্ব করলে তা যেন নতুন সামরিক উত্তেজনায় রূপ না নেয়, সে লক্ষ্যে একটি বিরোধ নিষ্পত্তি দল গঠিত হবে।

​এদিকে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতা জোরদার করতে কাতারের একটি উচ্চপর্যায়ের কূটনৈতিক প্রতিনিধিদল বর্তমানে তেহরান সফর করছে। কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর জ্যেষ্ঠ উপদেষ্টার নেতৃত্বে পৌঁছানো এই প্রতিনিধিদলটি মার্কিন প্রশাসনের সঙ্গে সার্বিক সমন্বয় বজায় রেখে কাজ করছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি বিশেষ চিঠি তেহরানে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ির কাছে হস্তান্তর করেছেন কাতারের কূটনীতিকেরা।

​অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে সংলাপে বসতে আগ্রহী হলেও দেশটির অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ওভাল অফিসে সাংবাদিকদের তিনি জানান, সংকট থাকলেও দুই দেশের মধ্যে আলোচনা চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0