সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে

৩১ অক্টোবর ২০২৬ - ১৬:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সাবেক বিমান বাহিনী কর্মকর্তা তাহসিফ হত্যা মামলা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
ছবি সংগৃহীত

বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিনের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম রিমান্ডের এই বিষয়টি নিশ্চিত করেছেন।

​এর আগে তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানান। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, প্রাথমিক তদন্তে সন্দিগ্ধ আসামি দীপের হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিলছে। মামলাটির সুষ্ঠু তদন্ত, মূল রহস্য উদঘাটন এবং অপরাধের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেফতারে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এছাড়া আসামি জামিনে মুক্ত হয়ে পালিয়ে যেতে পারেন বলেও শঙ্কা প্রকাশ করা হয়।

​দুপুর সোয়া দুইটার দিকে আসামিকে আদালতে এনে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয় এবং বেলা তিনটার পর তাকে এজলাসে তোলা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট আজিজুল হক দিদার রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে দীপের পক্ষে আইনজীবী মনিরুল ইসলাম ও মুতাসিম বিল্লাহ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

​উল্লেখ্য, গত বুধবার বিকেলে রাজধানীর তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দীপের আহ্বানে তিনি বাসা থেকে নিজের মোটরসাইকেল নিয়ে বের হয়েছিলেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে দীপকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে শুক্রবার রাতে তাহসিফের বাবা হত্যা মামলা দায়ের করার পর তাকে আনুষ্ঠানিকভাবে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে গত শুক্রবার সকালে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0