মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১১ পোশাক কারখানায় ছুটি

৩১ অক্টোবর ২০২৬ - ১৬:৪৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মজুরি বৃদ্ধিসহ নানা দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১১ পোশাক কারখানায় ছুটি
ছবি সংগৃহীত

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ এবং ব্ল্যাকলিস্টিং বন্ধসহ নানা দাবিসংবলিত আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। তৈরি পোশাকশ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ ও কর্মবিরতির মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কাঠগড়া ও পার্শ্ববর্তী এলাকার অন্তত ১১টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

​শনিবার সকাল থেকেই আশুলিয়ার কাঠগড়া এলাকার বিভিন্ন কারখানায় কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন ও বিক্ষোভ প্রদর্শন করেন শ্রমিকেরা। শিল্প পুলিশ সূত্র জানায়, সকালে প্রথম কাঠগড়া এলাকার নাঈম নীটওয়্যার পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি শুরু করেন। পরবর্তীতে শ্রমিকেরা কারখানা ভবন ছেড়ে বাইরে বেরিয়ে এসে বিক্ষোভ শুরু করেন এবং পার্শ্ববর্তী বেশ কিছু কারখানাকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগোলে শ্রমিকদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে শিল্প পুলিশের এক সদস্য মাথায় গুরুতর আঘাত পান। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

​অসন্তোষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে বিশৃঙ্খলা এড়াতে কর্তৃপক্ষ বাধ্য হয়ে নাঈম নীটওয়্যারসহ অন্তত ১১টি কারখানায় ছুটি ঘোষণা করে। তবে শিল্প পুলিশের উপস্থিতিতে কিছু কারখানায় উৎপাদন সচল রাখার চেষ্টা চালায় কতৃপক্ষ।

​এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায়ও মজুরি বৃদ্ধির দাবিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকার অনন্ত গার্মেন্টস লিমিটেডের সামনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দিন সকালে নিশ্চিতপুর এলাকার নিউজ গার্মেন্টসসহ নিট এশিয়া ও নিউ এজ গার্মেন্টসের শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছিলেন। পরে যৌথভাবে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে আন্দোলনে অংশ নেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0