বেঙ্গালুরুর পাঁচ তারকা হোটেলে সুইমিংপুলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই বিদেশি নাগরিকের মৃত্যু
ভারতের বেঙ্গালুরু শহরের একটি নামী পাঁচ তারকা হোটেলের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জার্মানি ও স্লোভাকিয়ার দুই নাগরিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় কনরাড হোটেলের তৃতীয় তলায় অবস্থিত পুলটিতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত দুই বিদেশির মধ্যে ৫৭ বছর বয়সি আলেক্সান্ডার ম্যাক্সিমিলিয়ান থেইস জার্মানির নাগরিক এবং লুফথানসা এয়ারলাইনসের ক্রু সদস্য হিসেবে কর্মরত ছিলেন। অন্যজন হলেন ৪৫ বছর বয়সি জুরাজ হরভাত, যিনি স্লোভাকিয়ার নাগরিক এবং প্রযুক্তি জায়ান্ট আইবিএমের প্রজেক্ট ম্যানেজার ছিলেন। তারা দুজনেই ওই বিলাসবহুল হোটেলে অতিথি হিসেবে অবস্থান করছিলেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় পুল থেকে ওঠার সময় ওই দুই বিদেশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যান। তাদের উদ্ধারের জন্য এগিয়ে আসেন হোটেলের এক কর্মী ও আরেক মার্কিন অতিথি। পরবর্তীতে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে মণিপাল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জার্মান নাগরিককে মৃত ঘোষণা করেন এবং স্লোভাকীয় নাগরিককে বাঁচাতে সিপিআরসহ সর্বাত্মক চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। তবে আহত মার্কিন নাগরিক ম্যাথিউ ডেসান্টিস ও হোটেলকর্মী রাহুল তিওয়ারি বর্তমানে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত রয়েছেন।
এদিকে নিহত জার্মান নাগরিকের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে হোটেল কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণে গাফিলতির বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। কনরাড হোটেল কর্তৃপক্ষ এক শোকবার্তায় জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের তদন্তে সম্পূর্ণ সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে, ঘটনার পর হোটেলের পক্ষ থেকে আগামী এক মাসের জন্য সুইমিংপুল বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











