মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ

৩১ অক্টোবর ২০২৬ - ১৬:২৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ
ছবি সংগৃহীত

বাজে ব্যাটিংয়ের খেসারত দিয়ে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে স্বাগতিক বাংলাদেশ দল। ক্যারিবিয়ানদের দেওয়া বা জয়ের জন্য ১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে খুব বেশি বেগ পেতে হয়নি সফরকারীদের। মাত্র ৩৫.১ ওভারেই সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা।

​এর আগে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আগের দিনের ৬ উইকেটে ৭৯ রান থেকে খেলা শুরু করে বাংলাদেশ। আগের দিন থেকেই বৃষ্টির কারণে ছন্দ হারানো স্বাগতিকরা দ্রুতই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। সকালে দিনের প্রথম ওভারেই জমেল ওয়ারিকানের শিকার হয়ে সাজঘরে ফেরেন জাকের আলী (২২)। এরপর হাসান মাহমুদ (৮) ও তাইজুল ইসলাম (৪) দ্রুত আউট হলে বড় শঙ্কার মুখে পড়ে দল।

​তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ লড়াই চালিয়ে যান আট নম্বরে নামা নাঈম হাসান। চমৎকার ব্যাটিং করে টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নেন তিনি। তার এই লড়াকু ইনিংসের সুবাদে শেষ পর্যন্ত ১৪২ রানে অলআউট হয় বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে অধিনায়ক রোস্টন চেজ ৩৬ রান খরচ করে ৫টি উইকেট তুলে নেন। এর মাধ্যমে টেস্ট ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এছাড়া জমেল ওয়ারিকান নেন ৪টি উইকেট।

​১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয় ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেল মিলে দুর্দান্ত এক জুটি গড়ে তোলেন। তারা দুজন মিলে স্কোরবোর্ডে ১১২ রান যোগ করেন। ক্যাম্পবেল ৪৯ রান করে শরিফুল ইসলামের বলে আউট হলেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখেন সফরকারীরা। তেজনারায়ণ চন্দরপল (১) দ্রুত ফিরে গেলেও ব্র্যান্ডন কিংয়ের দায়িত্বশীল ব্যাটিংয়ে কোনো বিপদ হয়নি। কিং ৮১ এবং কাভেম হজ ৩১ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0