ইউরোপজুড়ে জেন-জি বিক্ষোভ: জার্মানিতে রাস্তায় নেমেছে লক্ষাধিক মানুষ

০১ নভেম্বর ২০২৬ - ১১:৩১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইউরোপজুড়ে জেন-জি বিক্ষোভ: জার্মানিতে রাস্তায় নেমেছে লক্ষাধিক মানুষ
ছবি সংগৃহীত

ইউরোপের বিভিন্ন দেশের পর এবার তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন 'জেন-জি' বিক্ষোভের ঢেউ আছড়ে পড়েছে জার্মানিতে। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, শিক্ষা খাতে বরাদ্দ হ্রাস এবং সামরিক বাহিনীতে বাধ্যতামূলক নিয়োগের প্রতিবাদে দেশটির ৩০টিরও বেশি শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। শনিবার (৩১ অক্টোবর) এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

​জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে ও ডিপিএর তথ্য অনুযায়ী, ‘জেন জেড রেগেল্ট’ নামের একটি জোটের ডাকে দেশটির বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, কোলন ও মিউনিখসহ ৩৪টি শহরে এই কর্মসূচি পালিত হয়। রাজধানী বার্লিনের ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেট চত্বরে শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আয়োজকদের দাবি, দেশজুড়ে এ আন্দোলনে ১ লাখেরও বেশি মানুষ অংশ নেন। অন্যদিকে জার্মান পুলিশের হিসাবে, শুধু বার্লিনেই প্রায় ৫ হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন।

​বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় কমানো, শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি এবং বাধ্যতামূলক সামরিক নিয়োগ বাতিল করা। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার শিক্ষা ও সামাজিক কল্যাণের মতো গুরুত্বপূর্ণ খাতে বাজেট কমালেও সামরিক খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। হ্যানোভার থেকে বিক্ষোভে অংশ নেওয়া রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী ভেরোনিকা ডিন্টার জানান, জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি তাকে খণ্ডকালীন চাকরি করতে হচ্ছে। এছাড়া বার্লিনের শিক্ষার্থী এমা হেইমান সরকারের ব্যয়নীতি ও গাজায় চলমান পরিস্থিতির তীব্র সমালোচনা করেন।

​এর আগে ফ্রান্স, বেলজিয়াম, ইতালি, স্পেন ও সার্বিয়াসহ ইউরোপের অন্যান্য দেশেও একই ধরনের বিক্ষোভ দেখা গেছে। ইউনিভার্সিটি অব কনস্টানৎসের গবেষক কিলিয়ান হ্যাম্পেলের মতে, তরুণদের দীর্ঘদিনের জমানো ক্ষোভ এবং ইউরোপের অন্যান্য দেশের আন্দোলনই জার্মান তরুণদের রাস্তায় নামতে উৎসাহিত করেছে। এদিকে বার্লিনের বিক্ষোভ মূলত শান্তিপূর্ণভাবে শেষ হলেও, পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0