বিরতি ভেঙে ফিরছেন অরিজিৎ সিং, শাহরুখের জন্মদিনে আসছে নতুন গান

০১ নভেম্বর ২০২৬ - ১০:৩৪
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিরতি ভেঙে ফিরছেন অরিজিৎ সিং, শাহরুখের জন্মদিনে আসছে নতুন গান
ছবি: সংগৃহীত

চলती বছরের শুরুর দিকে প্লেব্যাক থেকে হঠাৎ সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ভক্তদের মাঝে বিস্ময়ের সৃষ্টি করেছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। সেই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছিল ব্যাপক আলোচনা। তবে সব জল্পনা ও বিরতির অবসান ঘটিয়ে এবার নতুন গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এই শিল্পী।

​বলিউড সূত্রে জানা গেছে, অভিনেতা শাহরুখ খানের আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’-এর একটি গানে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। গুঞ্জন রয়েছে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের ৬১তম জন্মদিনেই মুক্তি পেতে পারে সিনেমাটির প্রথম গানটি।

​শাহরুখের এই নতুন প্রজেক্ট নিয়ে ভক্তদের উন্মাদনা ইতিমধ্যে তুঙ্গে। এর ওপর গান মুক্তির এই খবর অনুরাগীদের উচ্ছ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে। ফলে জনপ্রিয় এই গায়ক ও নায়কের জুটি ফের পর্দায় ফিরছে বলে আনন্দিত ভক্তরা।

​ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ২ নভেম্বর গানটি প্রকাশ্যে আনার পরিকল্পনা রয়েছে কুশীলবদের। ছবির প্রচারণাতেও এই গানটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অন্যদিকে, সিনেমাটির ট্রেলার আরও কিছু দিন পর প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে।

​এর আগে গত সেপ্টেম্বর মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সে সময় এক ভক্ত ‘কিং’ সিনেমার গান প্রকাশের অনুরোধ জানালে অভিনেতা জানান, অরিজিৎ সিং গানটির শেষ মুহূর্তের কাজ নিখুঁতভাবে করছেন। শাহরুখ মন্তব্য করেছিলেন যে, অরিজিৎ একজন পারফেকশনিস্ট এবং গানটিকে নিজের মতো করে সুন্দর করতে তিনি সময় নিচ্ছেন। তার সেই কথার পরই সিনেমাটিতে অরিজিতের গান থাকার বিষয়টি নিশ্চিত হয়।

​সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, অর্জুন ওয়ারসি এবং অভয় বর্মা। এই সিনেমার অন্যতম বড় আকর্ষণ হলো বাবা শাহরুখ ও মেয়ে সুহানার একসঙ্গে প্রথম পর্দা উপস্থিতি। এছাড়া ‘পাঠান’-এর পর পরিচালক সিদ্ধার্থ আনন্দের সঙ্গে এটি শাহরুখের আরেকটি কাজ। সব ঠিকঠাক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0