ইরানের স্থাপনায় হামলার ইঙ্গিত ও ট্রাম্পের সতর্কতা, পাল্টা জবাবে খামেনির হুঁশিয়ারি

০১ নভেম্বর ২০২৬ - ১০:২০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ইরানের স্থাপনায় হামলার ইঙ্গিত ও ট্রাম্পের সতর্কতা, পাল্টা জবাবে খামেনির হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ভালোভাবেই এগোচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের ওপর পুরোপুরি আস্থা রাখা যায় না উল্লেখ করে দেশটির এক বা দুটি সামরিক বা স্পর্শকাতর স্থাপনায় হামলা চালানোর প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন তিনি। ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।

​ট্রাম্প বলেন, আলোচনা ইতিবাচকভাবে চললেও ইরান নির্ভরযোগ্য নয়। আমাদের এখনো দু-একটি স্থাপনার বিষয়টি দেখে নিতে হতে পারে, যা খুব কম সময়ের মধ্যেই সম্পাদন করা সম্ভব। বিশেষভাবে পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনাটির নাম উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। উল্লেখ্য, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো পিকঅ্যাক্স মাউন্টেনকে পারমাণবিক উপাদান মজুতের একটি সম্ভাব্য কেন্দ্র হিসেবে চিহ্নিত করে আসছে। চলমান পরিস্থিতিতে মার্কিন বাহিনী এখনো সেখানে কোনো হামলা চালায়নি।

​অন্যদিকে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কর্তৃক নতুন করে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শত্রুরা আবার আক্রমণ চালালে পাল্টা আঘাতের ধরন বা ভৌগোলিক সীমারেখা নির্দিষ্ট থাকবে না।

​বিবৃতিতে খামেনি স্পষ্ট করেন যে, শত্রুভাবাপন্ন শক্তিগুলো সামরিক বা সন্ত্রাসী হামলা চালালে তার পরিণতি কী হবে এবং সংঘর্ষের অবসান কখন ঘটবে, তা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী ও সাধারণ জনগণ। দেশটির শীর্ষ সামরিক কর্তাদের নিয়ে আয়োজিত এক বৈঠকের পর এই বার্তা প্রকাশ করা হয়। উক্ত বৈঠকে সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ আলী আবদোল্লাহি, সেনাপ্রধান আমির হাতামি এবং ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0