বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় কাফরুল থেকে তরুণী গ্রেফতার, দীপ রিমান্ডে

০১ নভেম্বর ২০২৬ - ১৫:৪৩
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ হত্যা মামলায় কাফরুল থেকে তরুণী গ্রেফতার, দীপ রিমান্ডে
ছবি: সংগৃহীত

:

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘দিশা’ নামের এক তরুণীকে গ্রেফতার করেছে নৌপুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে রাজধানীর কাফরুল এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

​এদিকে, এই হত্যাকাণ্ডে প্রাথমিক সম্পৃক্ততার তথ্য পাওয়ায় গ্রেফতারকৃত আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী কর্মকর্তারা। এর আগে শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াসের আদালত দীপের এই রিমান্ড মঞ্জুর করেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ দোহা সুমন জানান, সুষ্ঠু তদন্তের স্বার্থে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত চার দিন মঞ্জুর করেন।

​নৌপুলিশের ঢাকা অঞ্চলের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধু দীপের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে। তদন্তের স্বার্থে এখনই সব তথ্য প্রকাশ না করা হলেও রিমান্ডে তাঁকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

​তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, সিসিটিভি ফুটেজে দেখা যায় ২৭ অক্টোবর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত দেড়টা পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দীপ। পুলিশ ও গোপন তথ্যে নিশ্চিত হওয়া গেছে, দীপ তাহসিফকে নিয়ে টঙ্গীর মাজার বস্তি এলাকায় গেলেও সেখান থেকে তাহসিফ আর ফেরেননি, দীপ একা ফেরেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপের বক্তব্যে অসংগতি মেলায় সন্দেহ আরও জোরালো হয়।

​উল্লেখ্য, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হয়ে ২৮ বছর বয়সী তাহসিফ নিখোঁজ হন। পরদিন ২৮ অক্টোবর বিকেলে টঙ্গীর রাজাবাড়ি ঘাটের কাছে তুরাগ নদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এরপর ২৯ অক্টোবর রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে দীপকে আটক করে পিবিআই। পরবর্তীতে ৩০ অক্টোবর রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করলে দীপকে গ্রেফতার দেখানো হয়

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0