বিএনপি জাতির জন্য আপদ, জনগণের বিপদ বাড়াচ্ছে: এটিএম আজহারুল

০১ নভেম্বর ২০২৬ - ২০:১০
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিএনপি জাতির জন্য আপদ, জনগণের বিপদ বাড়াচ্ছে: এটিএম আজহারুল
ছবি সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম মন্তব্য করেছেন যে বিএনপি জাতির জন্য একটি আপদ এবং এই আপদ থাকলে জনগণের বিপদ বাড়তেই থাকবে। তিনি বলেন, এই আপদ দেশকে থেকে সরাতে হবে কারণ বিএনপি মুখে যা বলে কাজে তার সম্পূর্ণ বিপরীত করে। নির্বাচনের আগে দলটি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানালেও ক্ষমতায় গিয়ে সংবিধানের দোহা দিয়ে সাধারণ মানুষকে ধোঁকা দিচ্ছে।

​রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেলে রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজিত এক প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি, বাড়িঘরে ভাঙচুর এবং দলের প্রার্থীর পোলিং এজেন্ট ও কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা মহানগর জামায়াতে ইসলামী এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি পল্টন মোড় ঘুরে বিজয়নগর গিয়ে সমাপ্ত হয়।

​এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, ভোটের দিন ভোটকেন্দ্রে মাইকিং করে ভোট চাওয়ার নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি। অথচ এত কিছুর পরও নির্বাচন কমিশন নির্লজ্জের মতো দাবি করছে যে তারা নির্বাচন নিয়ে সন্তুষ্ট! আওয়ামী লীগের কায়দায় দেশ পরিচালনার লক্ষ্যেই বিএনপি রাষ্ট্র সংস্কারের কাজ করছে না উল্লেখ করে তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচনই সুষ্ঠু হবে না এবং জনগণের কাঙ্ক্ষিত অধিকারও আদায় হবে না। জনগণ কেবল প্রধানমন্ত্রীর পরিবর্তন চায়নি, বরং রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন চেয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় যাওয়ার পর দেখা যাচ্ছে কেবল প্রধানমন্ত্রীর পরিবর্তন হয়েছে, আর বিএনপি নেতাদের ভাগ্যের পরিবর্তন ঘটলেও জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

​তিনি আরও অভিযোগ করেন, প্রধানমন্ত্রী তার অনুগত সুবিধাভোগীদের সঙ্গে নিয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়াচ্ছেন এবং বিদেশি কোম্পানির কাছে বাংলাদেশকে ইজারা দিয়ে কমিশন খেয়ে দেশ এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। দেশকে সত্যিকার অর্থে এগিয়ে নিতে হলে সবার আগে গণভোটের রায়কে সম্মান জানিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করার ওপর জোর দেন তিনি। একই সঙ্গে, আসন্ন সংসদ অধিবেশন শুরু হওয়ার আগেই গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে চলমান সংকট নিরসনের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান জামায়াত নেতা।

​বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, নির্বাচনে জয়-পরাজয় থাকতেই পারে, কিন্তু নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বিএনপি প্রশাসনের সরাসরি সহযোগিতায় আওয়ামী লীগের মতোই ভোট জালিয়াতি করেছে। শুধু ভোট চুরি করেই তারা ক্ষান্ত হয়নি, বরং অবিশ্বাস্য ভোটের হিসাব পেশ করেছে। দুপুর দুইটা পর্যন্ত যেখানে মাত্র ৩৮ শতাংশ ভোট কাস্ট হয়েছিল, সেখানে চূড়ান্ত ফলাফল ঘোষণায় ৬৪ শতাংশ ভোট দেখানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ভবিষ্যতে এ ধরনের কোনো কারচুপির চেষ্টা করা হলে জনগণ তা কঠোর হাতে প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

​ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং দক্ষিণের সেক্রেটারি ও এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ এর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান ও মাওলানা ইয়াসিন আরাফাতসহ অন্যান্য কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0