স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর, জানালেন মানবসেবায় ৭ বার রক্ত দিয়েছেন জাইমা রহমান
জরুরি চিকিৎসায় রক্তের সংকট দূর করতে ও মানবসেবায় এগিয়ে আসতে দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে রক্ত দান করলে শরীরের কোনো ক্ষতি হয়—এমন ভুল ধারণা ও কুসংস্কার থেকে সবাইকে বেরিয়ে আসার তাগিদ দেন তিনি।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) 'জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস' উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রক্তদানে জীবনের জয়গান, চক্ষুদানে আলোর সন্ধান’।
বক্তব্যকালে স্বাস্থ্যমন্ত্রী তথ্য প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে এ পর্যন্ত ৭ বার রক্ত দান করেছেন।
নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হওয়ার লক্ষ্য
স্বাস্থ্যমন্ত্রী বলেন, রক্ত ও কর্নিয়া সংগ্রহের ক্ষেত্রে বিদেশি সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী হতে চায় সরকার। এজন্য জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশে রক্তের সুনির্দিষ্ট ও পর্যাপ্ত মজুত গড়ে তোলার ওপর জোর দেন তিনি, যাতে রক্তের অভাবে কোনো রোগীর জীবন বিপন্ন না হয়।
থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার গুরুত্ব
রোগ প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী থ্যালাসেমিয়া রোধে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বিয়ের পূর্বে বর-কনের রক্ত পরীক্ষা করা এবং থ্যালাসেমিয়ার বাহক শনাক্ত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সরকারি পর্যায়ে প্রয়োজনীয় উদ্যোগ ও সব ধরনের সহযোগিতা দেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান কার্যক্রমে 'সন্ধানী'সহ অন্যান্য মানবিক সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। একই সঙ্গে এসব জনকল্যাণমুখী কার্যক্রমকে আরও প্রসারিত করতে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











