মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে এড়িয়ে রিপাবলিকানকে সমর্থন, দলে তীব্র ক্ষোভ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সের একটি রাজনৈতিক সিদ্ধান্ত দলের ভেতরে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। নিজ দলের প্রার্থী আবদুল এল-সাইয়েদের বিরোধিতা করে তিনি প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির নেতা মাইক রজার্সকে সমর্থনের ঘোষণা দেন। এ ঘটনাকে ‘ঘৃণ্য বিশ্বাসঘাতকতা’ বলে কঠোর ভাষায় সমালোচনা করেছেন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার।
আসন্ন নির্বাচনে সিনেটে নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে মিশিগানের এই আসনটি ডেমোক্র্যাটদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, প্রতিদ্বন্দ্বী রজার্সের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন এল-সাইয়েদ। এমন একটি স্পর্শকাতর সময়ে দলের ভেতরে এই অনৈক্য ও কোন্দল সামনে এল। উল্লেখ্য, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় (প্রাইমারি) এল-সাইয়েদের কাছে পরাজিত হয়েছিলেন হ্যালি স্টিভেন্স।
জাতীয় রাজনীতিতে পরিচিত মুখ আবদুল এল-সাইয়েদ মার্কিন-ইসরায়েল সম্পর্কের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। ফিলিস্তিন সংকটের প্রেক্ষাপটে তেল আবিবের কাছে অস্ত্র সরবরাহের বিরোধিতা করে আসছেন তিনি। নির্বাচনে জয়ী হলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর।
দলের সহকর্মীর এমন অবস্থানে বিচলিত নন বলে জানিয়েছেন এল-সাইয়েদ। গণমাধ্যমকে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি খুব একটা ভাবছেন না; বরং সাধারণ ভোটারদের কল্যাণ নিয়েই তাঁর মূল মনোযোগ। তাঁর ভাষ্যমতে, রাজনৈতিক কৌশল বা হিসাব-নিকাশের চেয়ে নীতিগত আদর্শের বিষয়টিতেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন।
এদিকে গত রোববার রাতে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক রজার্সকে সমর্থনের পক্ষে সাফাই গান হ্যালি স্টিভেন্স। নিজের অভ্যন্তরীণ তাড়না ও বিশ্বাসের জায়গা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করেন। তবে একই সঙ্গে তিনি এও জানান যে, তিনি চান সিনেটের নিয়ন্ত্রণ যেন ডেমোক্র্যাটদের হাতেই থাকে।
হ্যালি স্টিভেন্সের এই পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা। চাক শুমার ছাড়াও মিশিগান ডেমোক্র্যাটদের কৃষ্ণাঙ্গ ককাসের চেয়ারম্যান ভার্জি রলিন্স মন্তব্য করেছেন যে, দলীয় শৃঙ্খলা ভেঙে হ্যালি নিজের রাজনৈতিক পথ হারিয়ে ফেলেছেন। তবে ডেমোক্র্যাট শিবিরে কঠোর সমালোচনার মুখে পড়লেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যালির এই সাহসিকতার প্রশংসা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, এমন সত্য কথা বলার মতো সাহস খুব কম মানুষেরই রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











