স্বর্ণের দামে দরপতন: আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম

০২ নভেম্বর ২০২৬ - ২০:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
স্বর্ণের দামে দরপতন: আমিরাতে গয়না ও কয়েন কেনার ধুম
ছবি: সংগৃহীত

দীপাবলি ও ধনতেরাস উৎসবকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) স্বর্ণের দামে দরপতন ঘটেছে। দর কমে আসায় সেখানকার অধিবাসীদের মধ্যে নতুন করে গয়না ও কয়েন কেনার আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। কেউ স্বর্ণের কয়েন আবার কেউ দৈনন্দিন ব্যবহারের জন্য হালকা গয়না কেনার পরিকল্পনা করছেন। অন্যদিকে, লকারে পড়ে থাকা পুরোনো গয়না বিক্রি বা বদলে নতুন পণ্য কেনার বিষয়েও খোঁজখবর নিচ্ছেন অনেকে।

​স্বর্ণ ব্যবসায়ীদের মতে, উৎসবের আবহ এবং সাম্প্রতিক দরপতন—এই দুই মেলাতেই বাজারে ক্রেতাদের মধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। সাধারণত উৎসব ঘিরে স্বর্ণের চাহিদা এমনিতেই বেশি থাকে, আর দাম কমায় সে আগ্রহ আরো বেড়েছে।

​স্বর্ণ কেনাবেচার প্রতিষ্ঠান 'সেলইওরগোল্ড ডটএই'-এর কর্মকর্তা রিশি ভায়া জানান, দাম কমলে স্বভাবতই ক্রেতারা কেনাকাটায় আগ্রহী হন। বর্তমানে সামনে দিওয়ালি, ধনতেরাস ও বড়দিন থাকায় যারা আগে থেকেই স্বর্ণ কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য এটি ভালো সুযোগ তৈরি করেছে। তবে পুরোনো গয়না বদলে নতুন কিছু কেনার ক্ষেত্রে একই ব্যবসায়ীর মাধ্যমে লেনদেন সম্পাদন এবং পাথরের মূল্য ও স্বর্ণের মান ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দেন তিনি।

​অন্যদিকে 'পিস অব ইউ জুয়েলারি'-এর প্রতিষ্ঠাতা আমরিন ইকবাল উল্লেখ করেন, ক্রেতারা এখন অনেক বেশি হিসাব-নিকাশ করে কেনাকাটা করছেন। অব্যবহৃত পুরোনো গয়না বিক্রি করে ছোট বা হালকা নান্দনিক ডিজাইনের গয়না নেওয়ার ঝোঁক বাড়ছে। বর্তমানে ক্রেতারা স্বর্ণকে কেবল তাৎক্ষণিক কেনাকাটা হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি সম্পদ হিসেবেও বিবেচনা করছেন।

​বাজারের ওঠানামা সত্ত্বেও সাংস্কৃতিক ও পারিবারিক ঐতিহ্যের কারণে আমিরাতে ধনতেরাসের মতো শুভ দিনে স্বর্ণ কেনার রীতি এখনো অমলিন। বাসিন্দারা কয়েন বা বারকে সহজ সংরক্ষণযোগ্য এবং নিরাপদ বিনিয়োগের মাধ্যম মনে করে বেছে নিচ্ছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0