কাজী শুভর কণ্ঠে প্রয়াত পাগল হাসানের আবেগঘন গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’ প্রকাশ
ভালোবাসা অনেক সময় জীবনের সুন্দর প্রাপ্তি হলেও কখনো তা দীর্ঘশ্বাসে ভেজা অপূরণীয় ক্ষত হয়ে রয়ে যায়। সময়ের সঙ্গে কিছু সম্পর্ক ফুরিয়ে গেলেও মনের ভেতরের মায়া সহজে কমে না। ভালোবাসা, মায়া আর বিচ্ছেদের এমনই এক আবেগঘন গীতিকবিতায় শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। তাঁর কণ্ঠে প্রকাশিত হয়েছে অকালপ্রয়াত বাউল সাধক পাগল হাসানের কথা ও সুরে নতুন গান ‘ভুল কইরাছি ভালোবাসিয়া’।
ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে প্রকাশিত এই গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটির ভিডিওতে অভিনয় করেছেন সাদাব হাশমী ও মাসুমা মাহমুদা তান। ভালোবাসা ও বিচ্ছেদের গল্প ফুটিয়ে তুলে ভিডিওটি নির্মাণ করেছেন ফারহান আহমেদ রাফাত, যেখানে শিল্পী কাজী শুভর উপস্থিতি রয়েছে।
গানটি নিয়ে শিল্পী কাজী শুভ বলেন, প্রয়াত পাগল হাসানের গানের প্রতি তাঁর বিশেষ টান ও মায়া রয়েছে। পাগল হাসান বেঁচে থাকতেই তিনি গানটি নিয়েছিলেন এবং পরবর্তী সময়ে তা তাঁর প্রকাশিত ডিজিটাল অডিও অ্যালবাম ‘কেউ বুঝলো না’-তে যুক্ত করেন। প্রেমের আক্ষেপ ও বিচ্ছেদের হাহাকার গানটির কথায় দারুণভাবে ফুটে উঠেছে বলে আশা প্রকাশ করেন তিনি, যা শ্রোতাদের হৃদয়ে গভীর দাগ কাটবে।
ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, গানটি তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলসহ দেশ ও বিদেশের বিভিন্ন প্রধান মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাচ্ছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











