কোরীয় উপদ্বীপে উত্তেজনা প্রশমনে সব পক্ষকে রাজনৈতিক সমাধানের আহ্বান চীনের
উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্লাস্টার ওয়ারহেড পরীক্ষার জেরে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে রাজনৈতিক সমাধানের পথে হাঁটার আহ্বান জানিয়েছে চীন। ক্লাস্টার ওয়ারহেড হলো এমন এক ধরনের ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক অংশ, যা মাঝ আকাশে বা নির্দিষ্ট সময়ে ফেটে অসংখ্য ছোট বোমায় বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকাজুড়ে একসঙ্গে আঘাত হানে।
সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির তথ্য অনুযায়ী, সোমবার (২ নভেম্বর) রাজধানী বেইজিংয়ে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই আহ্বান জানান। তিনি বলেন, কোরীয় উপদ্বীপের চলমান সংকটের মূল কারণগুলো বিবেচনায় নিয়ে সব পক্ষেরই রাজনৈতিক উপায়ে সমাধানের পথ খোঁজা উচিত। আঞ্চলিক উত্তেজনা কমানো এবং দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের সুনির্দিষ্ট প্রচেষ্টা চালানো দরকার।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অমান্য করে পিয়ংইয়ংয়ের সর্বশেষ এই সামরিক পদক্ষেপের বিষয়ে প্রশ্ন করা হলে মাও নিং জানান, চীন এ সম্পর্কিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপানের সাম্প্রতিক যৌথ সামরিক কর্মকাণ্ডের বিরুদ্ধে উত্তর কোরিয়ার অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে গত শনিবার (১ নভেম্বর) উত্তর কোরিয়া একটি কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার ওয়ারহেডের সফল পরীক্ষা চালায়। দেশটির পক্ষ থেকে জানানো হয়, অস্ত্রটির যুদ্ধকালীন কার্যকারিতা এবং ধ্বংসক্ষমতা যাচাই করতেই এই পরীক্ষা পরিচালনা করা হয়।
উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গবেষণা ইনস্টিটিউট এবং ওয়ারহেড গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে, এই পরীক্ষায় তাদের উদ্ভাবিত ‘টাইপ-২ স্ট্যান্ডার্ড ক্লাস্টার ওয়ারহেড’-এর সক্ষমতা পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়েছে। তাদের দাবি, এই ওয়ারহেড নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানলে প্রায় ১২ থেকে ১৩ হেক্টর বা প্রায় ২৯ থেকে ৩২ একর এলাকাজুড়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম।
দেশটির ক্ষেপণাস্ত্র প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিজেদের সামরিক শক্তি ও অস্ত্রব্যবস্থার ধ্বংসক্ষমতা বাড়ানোর চলমান বৈজ্ঞানিক গবেষণার অংশ হিসেবেই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এই পরীক্ষা চালানো হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











