ভারত-বাংলাদেশ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে সরকারের আশাবাদ

০২ নভেম্বর ২০২৬ - ২১:৫৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ভারত-বাংলাদেশ গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে সরকারের আশাবাদ
ছবি সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরে মেয়াদ শেষ হওয়ার আগেই ভারতের সঙ্গে ঐতিহাসিক গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ। দেশের পানির ন্যায্য চাহিদা এবং দীর্ঘমেয়াদি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই আলোচনার প্রস্তুতি নিচ্ছে সরকার।

​সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আশার কথা জানান। তিনি বলেন, বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরই শেষ হচ্ছে এবং আমরা বিশ্বাস করি চুক্তিটি নবায়ন হবে। ভারতও এ বিষয়ে ইতিবাচক ও সঠিক সিদ্ধান্ত নেবে বলে সরকার প্রত্যাশা করে।

​প্রতিমন্ত্রী জানান, ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ রূপরেখা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছেন। আগামী ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া এই চুক্তি প্রক্রিয়ায় পানিসম্পদমন্ত্রী ও সরকারের অর্থ উপদেষ্টা নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া কমিটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিও অন্তর্ভুক্ত রয়েছেন।

​তিনি আরও উল্লেখ করেন, ভারতের সঙ্গে ইতোমধ্যে বিভিন্ন স্তরে আলোচনা শুরু হয়েছে এবং অমীমাংসিত বিষয়গুলো সুরাহা করতে খুব শীঘ্রই আনুষ্ঠানিক আলোচনা অনুষ্ঠিত হবে। আসন্য এই আলোচনার মাধ্যমে ইতিবাচক ফলাফল আসবে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে পারস্পরিক পানি সহযোগিতা আরও সুদৃঢ় হবে বলে তিনি বিশ্বাস করেন।

​চুক্তিটি সরাসরি নবায়ন করা হবে নাকি নতুন শর্ত যুক্ত হবে—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, গঠিত কমিটির সার্বিক পর্যালোচনার ওপর ভিত্তি করে সরকার আলোচনার পরবর্তী অবস্থান ও কৌশল নির্ধারণ করবে।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ তার ন্যায্য হিস্যা আদায়ে সম্পূর্ণ সচেষ্ট থাকবে। দেশের বর্তমান ও ভবিষ্যৎ পানির চাহিদাকে প্রাধান্য দিয়েই এই আলোচনা এগিয়ে নেওয়া হবে, যাতে পানিসংকট সমাধান ও দেশের ভবিষ্যৎ স্বার্থ রক্ষা হয়।

​প্রসঙ্গত, ১৯৯৬ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হতে চলেছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0