শ্রীলঙ্কাকে টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে ইতিহাস গড়ল আফগানিস্তান
আন্তর্জাতিক ক্রিকেটে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করে আরও এক নতুন মাইলফলক স্পর্শ করেছে আফগানিস্তান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে দলগত র্যাঙ্কিংয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে পেছনে ফেলে ৬ নম্বরে উঠে এসেছে তারা। ৫০ ওভারের সংস্করণে এটিই আফগানদের ক্রিকেট ইতিহাসের সেরা অবস্থান। অন্যদিকে আফগানিস্তানের উত্থানে এক ধাপ পিছিয়ে সাত নম্বরে নেমে গেছে শ্রীলঙ্কানরা।
ওয়ানডেতে টানা সাফল্য পেয়ে আসছে রশিদ খানের দল। গত আগস্টে আয়ারল্যান্ডের মাটিতে আয়োজিত পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজটি ৪-০ ব্যবধানে জিতে নেয় তারা। এরপর সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজেও কোনো ম্যাচে না হেরে চ্যাম্পিয়ন হয় দলটি। শারজাহতে অনুষ্ঠিত সেই ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে আফগানরা। বল হাতে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার পান অধিনায়ক রশিদ খান। একই প্রতিযোগিতায় বাংলাদেশের বিপক্ষেও তারা একচ্ছত্র আধিপত্য দেখায়; বাংলাদেশ দলকে মাত্র ১৬০ রানে গুঁটিয়ে দিয়ে সহজ জয় তুলে নেয় আফগানিস্তান।
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এ পর্যন্ত ১৯১টি ম্যাচ খেলে ৯৬টিতে জয় অর্জন করেছে আফগানিস্তান। যেখানে তাদের জয় ও পরাজয়ের অনুপাত দাঁড়ায় ১.০৯। র্যাঙ্কিংয়ের তালিকায় এর আগেই বাংলাদেশ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মতো অভিজ্ঞ দলগুলোকে পেছনে ফেলেছিল আফগানরা। এবার শ্রীলঙ্কাকেও টপকে নিজেদের ক্রিকেট ইতিহাসে নতুন এক উচ্চতায় পৌঁছাল দলটি।
আইসিসির বর্তমান ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তালিকার পরবর্তী চারটি স্থানে যথাক্রমে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। অপরদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটের দলগত র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে ইংল্যান্ড, আর দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











