গাজীপুরে পোশাক শ্রমিক আন্দোলন: নিরাপত্তায় অতিরিক্ত বিজিবি ও ম্যাজিস্ট্রেট মোতায়েন
পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলন ঘিরে গাজীপুরে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা প্রশাসন। শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির সদস্য সংখ্যা বাড়ানোর পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও বাড়ানো হয়েছে। জেলাটিতে অতিরিক্ত আরও এক প্লাটুন বিজিবি যুক্ত হওয়ায় বর্তমানে মোট ১১ প্লাটুন বিজিবি মাঠে দায়িত্ব পালন করছে। একইসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ জন থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।
মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাঈন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক সুরক্ষায় বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষতি এবং সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সজাগ অবস্থানে রয়েছে।
এদিকে সকালে গাজীপুরের মৌচাক পয়েন্টে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা চালান আন্দোলনরত শ্রমিকরা। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সময়োচিত পদক্ষেপে শ্রমিকদের সড়কে বসতে দেওয়া হয়নি। পরবর্তীতে শিল্পকারখানাগুলোতে শ্রমিকরা নিজ নিজ দায়িত্বে কাজে যোগ দিতে শুরু করেন।
প্রাসঙ্গিক সংবাদ
- গাজীপুরে শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব: গাজীপুর জেলা পুলিশ
- গাজীপুরে ন্যূনতম বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল
- কালীগঞ্জে মাদক কারবারিকে ধরে ফেরার পথে কাভার্ডভ্যানচাপায় এসআই ও বিএনপি নেতা নিহত
- গাজীপুরে মেট্রিক্স সোয়েটার কারখানায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় অসুস্থ ৭০ শ্রমিক
- কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন: ৭ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
গাজীপুর শিল্প পুলিশের এসপি মোহাম্মদ আমজাদ হোসেন জানান, সকালের দিকে মৌচাক এলাকায় সড়ক অবরোধের একটি চেষ্টা পুলিশ ও বিজিবির তৎপরতায় ব্যর্থ করা হয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
প্রসঙ্গত, গত কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছিলেন শ্রমিকেরা। আন্দোলন চলাকালে পুলিশ বক্স, গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। উদ্ভূত পরিস্থিতিতে বেশ কিছু কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











