ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেব: ট্রাম্প

০৩ নভেম্বর ২০২৬ - ০৯:৪৭
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
ডেমোক্র্যাটরা জিতলে সব বিলে ভেটো দেব: ট্রাম্প
ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট দল কংগ্রেসের নিয়ন্ত্রণ অর্জন করলে তাদের উত্থাপিত কোনো বিলে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, বিরোধীরা বিল পাস করতে চাইলে তিনি নিজের ভেটো ক্ষমতা প্রয়োগ করে তা কঠোরভাবে আটকে দেবেন। কংগ্রেসের প্রতিনিধি পরিষদ অথবা সিনেট—উভয় কক্ষেই রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠতা হারালে তিনি নিজেকে ‘মিস্টার ভেটো’ হিসেবে দেখতে পারেন বলে মন্তব্য করেছেন।

​মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ‘দ্য নিউইয়র্ক পোস্ট’-এর সাংবাদিক মিরান্ডা ডিভাইনের সঞ্চালনায় ‘পড ফোর্স ওয়ান’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

​ডেমোক্র্যাটদের হাতে কংগ্রেসের নিয়ন্ত্রণ চলে গেলে উদ্ভূত পরিস্থিতি কীভাবে সামাল দেবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার ধারণা, আমি মিস্টার ভেটো হয়ে উঠব। আমি তাদের দেশটাকে ধ্বংস করতে দেব না।’

​তিনি আরও বলেন, ডেমোক্র্যাটদের পাঠানো প্রস্তাবিত বিলগুলো তিনি একের পর এক প্রত্যাখ্যান করবেন। একটানা কিছুদিন এভাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করার পর তারা বুঝতে বাধ্য হবে যে সময় নষ্ট হচ্ছে, যার ফলে তারা শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে।

​আইন প্রণয়নের ক্ষেত্রে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মাঝে সমঝোতায় পৌঁছানোর নজির নতুন কিছু নয় উল্লেখ করে ট্রাম্প বলেন, অতীতেও এমন পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটি নতুন কোনো ঘটনা নয়। তবে কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অক্ষুণ্ণ থাকবে এবং তাদের এই ধরনের কোনো কৌশল নিতে হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

​যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্টের ভেটো ক্ষমতার মাধ্যমে কংগ্রেসে পাস হওয়া যেকোনো বিল আটকে দেওয়া সম্ভব। তবে প্রতিনিধি পরিষদ এবং সিনেট—উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন থাকলে কংগ্রেস প্রেসিডেন্টের ভেটো অগ্রাহ্য করে সেই বিলকে আইনে পরিণত করতে পারে।

​এদিকে সাক্ষাৎকারে তৃতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। সুযোগ পেলে আবারও নির্বাচনে দাঁড়াতে তার ভালো লাগবে উল্লেখ করে তিনি মার্কিন সংবিধানের ২২তম সংশোধনীর কথা স্মরণ করিয়ে দেন, যেখানে কোনো ব্যক্তির দুবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে।

​উল্লেখ্য, মঙ্গলবারের এই মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি এবং সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানে প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে এবং ডেমোক্র্যাটরা এই কক্ষের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে জোরালো চেষ্টা চালাচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0