আফগানিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে সাকিব-লিটনসহ বাংলাদেশের ১৯ ক্রিকেটার
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) ড্রাফট। এই নিলামে নাম লিখিয়েছেন বাংলাদেশের বেশ কয়েকজন তারকা ক্রিকেটার।
টুর্নামেন্টের সর্বোচ্চ 'ডায়মন্ড' ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও উইকেটরক্ষক-ব্যাটসম্যান লিটন দাস। একই ক্যাটাগরিতে তাদের সঙ্গে রয়েছেন তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় এবং দুই পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
'প্লাটিনাম' ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, পেসার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও লেগ স্পিনার রিশাদ হোসেন।
অন্যদিকে 'গোল্ড' ক্যাটাগরিতে রয়েছেন বাংলাদেশের আরও ১২ জন ক্রিকেটার। এই তালিকায় আছেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সাইফ হাসান, শামীম হোসেন, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, হাসান মাহমুদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান, তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
এবারের ড্রাফটে মোট পাঁচটি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ৪৬২ জন ক্রিকেটার। ডায়মন্ড, প্লাটিনাম ও গোল্ড ছাড়াও সিলভার ও এমার্জিং ক্যাটাগরিতে আন্তর্জাতিক ক্রিকেটের বেশ কিছু পরিচিত মুখ অংশ নিচ্ছেন। তাদের মধ্যে ওয়ানিন্দু হাসারাঙ্গা, রোভম্যান পাওয়েল, ফখর জামান, আকিল হোসেন ও ইমরান তাহিরের মতো তারকারা অন্যতম।
পাঁচটি দল নিয়ে আগামী ২৭ ডিসেম্বর থেকে এপিএলের নতুন আসর শুরু হওয়ার কথা রয়েছে। ভেন্যু হিসেবে আফগানিস্তানের বদলে পুরো টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের সম্ভাবনা বেশি। উল্লেখ্য, ২০১৮ সালে চালু হওয়া এই টুর্নামেন্টটি এক মৌসুম চলার পর আর্থিক বিরোধ ও নানা অনিশ্চয়তায় বন্ধ হয়ে গিয়েছিল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











