রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক সংকট মোকাবিলায় কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ

০৩ নভেম্বর ২০২৬ - ১০:২১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
রোহিঙ্গা প্রত্যাবাসন ও বৈশ্বিক সংকট মোকাবিলায় কমনওয়েলথের সমর্থন চাইল বাংলাদেশ
ছবি: সংগৃহীত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও সসম্মানে নিজ দেশে ফেরত পাঠাতে কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর সুসংগঠিত সমর্থন ও সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে বৈশ্বিক বিভিন্ন বিদ্যমান সংকট, যেমন—শান্তি ও নিরাপত্তা রক্ষা, জলবায়ুর ক্ষতি কাটিয়ে ওঠা, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং উদীয়মান প্রযুক্তির সুনিয়ন্ত্রিত ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সদস্য দেশগুলোকে একত্রে জোরালো ভূমিকার আহ্বান জানানো হয়েছে।

​অ্যান্টিগুয়া ও বারবুডার রাজধানী সেন্ট জনসের আমেরিকান ইউনিভার্সিটি অব অ্যান্টিগুয়ায় (এইউএ) আয়োজিত কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের (সিএফএএমএম) রিট্রিট অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা তুলে ধরেন বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার (৩ নভেম্বর) এক বার্তায় পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

​বক্তব্যে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বিশ্বের বহুমুখী ও জটিল পরিস্থিতি মোকাবিলায় কমনওয়েলথভুক্ত দেশগুলোর যৌথ পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষতি পূরণে গঠিত ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ অবিলম্বে কার্যকরের পাশাপাশি কমনওয়েলথভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক বিনিয়োগ উৎসাহিত করতে একটি সুসংহত কাঠামো তৈরির ওপর জোর দেন তিনি।

​রোহিঙ্গা সংকট নিরসনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, রোহিঙ্গাদের নিজ দেশে মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে ফেরত পাঠানোই স্থায়ী সমাধান এবং এ বিষয়ে কমনওয়েলথ পরিবারের বলিষ্ঠ অবস্থান প্রত্যাশা করে বাংলাদেশ। উল্লেখ্য, ১ থেকে ৪ নভেম্বর অ্যান্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের শীর্ষ সম্মেলনে (সিএইচওজিএম) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন হুমায়ুন কবির।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0