বিএসটিআইয়ের মানদণ্ডে ব্যর্থ: বাজার থেকে ৪ প্রতিষ্ঠানের ৮টি পণ্য প্রত্যাহারের নির্দেশ
মাননিয়ন্ত্রণ পরীক্ষায় নির্ধারিত মান বজায় রাখতে ব্যর্থ হওয়ায় চারটি প্রতিষ্ঠানের মোট আটটি ভেরিয়েন্টের পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। পরীক্ষায় এসব পণ্যে অতিরিক্ত প্রিজারভেটিভ, ক্ষতিকর অণুজীবের উপস্থিতি এবং প্রয়োজনীয় উপাদানের ঘাটতি ধরা পড়েছে।
সোমবারে (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিএসটিআই এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, অকৃতকার্য হওয়া ব্যাচগুলোর অনুমোদন বাতিল করা হয়েছে এবং পণ্যের লাইসেন্স নবায়ন না হওয়া পর্যন্ত সেগুলোর উৎপাদন, বিপণন ও বিতরণ সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফ্রেশ গার্ডেন এগ্রো রিসোর্সেসের আমের আচারে ক্ষতিকর অতিরিক্ত প্রিজারভেটিভ পাওয়া গেছে। অন্যদিকে, বেলিসিমো ব্র্যান্ডের 'রোটোন্ডো হ্যাজেলনাট কোটেড চকোলেট আইসক্রিম'-এ মানদণ্ডের চেয়ে বেশি মাত্রায় 'টোটাল মিল্ক সলিড নন-ফ্যাট' ধরা পড়েছে।
পাসাধাপাশি, অলিভ বাংলাদেশ লিমিটেডের লাবণ্য ব্র্যান্ডের মিল্ক স্কিন লোশন, অ্যালোভেরা স্কিন লোশন, লাবণ্য ও অলিভ ব্র্যান্ডের তিনটি ভেরিয়েন্টের ফেসওয়াশ (মোরিংগা-মাচা, ফোমিং মিল্ক, তুলসী) এবং লাবণ্য অ্যালোভেরা শ্যাম্পুতে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অণুজীবের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ ছাড়া ডেকো ফুডস লিমিটেডের 'ডেকো ফ্রুট ফান্ডা' ব্র্যান্ডের আম ও কমলা ফ্লেভারের সফট ড্রিংক পাউডারে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে ভিটামিন 'সি' কম পাওয়া গেছে।
জনস্বার্থ ও ভোক্তা অধিকার রক্ষায় বিএসটিআই নির্দেশ দিয়েছে যেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো বাজার, ডিলার ও পরিবেশকদের কাছ থেকে এসব পণ্য দ্রুত সরিয়ে নেয়। নির্দেশনা না মানলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি। বিএসটিআইয়ের মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক ক্রেতাদের প্রতি আহ্বান জানান, তারা যেন বিএসটিআইয়ের লোগো, লাইসেন্স নম্বর এবং মেয়াদ দেখে পণ্য ক্রয় করেন এবং কোনো অনিয়ম চোখে পড়লে তা সংস্থাকে অবহিত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











