নতুন কুঁড়ি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজশাহী ও ঢাকা, ডিএলএস পদ্ধতিতে রংপুর ও ময়মনসিংহের হার

২৪ জুলাই ২০২৬ - ২৩:১১
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
নতুন কুঁড়ি ক্রিকেটে চ্যাম্পিয়ন রাজশাহী ও ঢাকা, ডিএলএস পদ্ধতিতে রংপুর ও ময়মনসিংহের হার
ছবি: সংগৃহীত

নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে শিরোপা উঁচিয়ে ধরেছে বালক বিভাগে রাজশাহী অঞ্চল এবং বালিকা বিভাগে ঢাকা অঞ্চল। দুই বিভাগেই খেলা নির্ধারণে মূল ভূমিকা রাখে বৃষ্টি আইন। বালক বিভাগের ফাইনালে রংপুর অঞ্চলকে ১৯ রানে পরাজিত করে রাজশাহী। অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ঢাকা।

​মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেটে ১৩৪ রানের বিশাল সংগ্রহ তৈরি করে তারা। দলের এই পাহাড়সম সংগ্রহে মূল অবদান রাখেন মোহাম্মদ শারাফাত সাদিদ। তিনি মাত্র ২৬ বলে ৮টি ছক্কা ও ৫টি চারের সাহায্যে অপরাজিত ৭৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা নির্বাচিত হন।

​জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রংপুর। এরপর ম্যাচে বৃষ্টি হানা দিলে ডিএলএস (ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন) পদ্ধতিতে রংপুর অঞ্চলের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ৩ ওভারে ৪৭ রান। তবে ৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২৭ রানের বেশি তুলতে পারেনি তারা। ফলে ডিএলএস পদ্ধতিতে ১৯ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে রাজশাহীর ছেলেরা।

​অন্যদিকে, বৃষ্টির বাধায় বালিকা বিভাগের ফাইনাল নেমে আসে ৫ ওভারে। ম্যাচটিতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ঢাকা। ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে দলটি। ময়মনসিংহের বোলার নুসরাত জাহান জুথি একই ওভারে রওনক জাহান নওশিন ও আফরোজা জাহান মিমকে সাজঘরে ফেরান। তবে প্রাথমিক বিপর্যয় সামাল দেন অধিনায়ক আফনান জামান আথাই। তিনি ১১ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে অপরাজিত ২৩ রান উপহার দিলে ঢাকা ৪ উইকেটে ৪৮ রান তোলে।

​৪৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ অঞ্চল। ইনিংসের পঞ্চম বলেই দলীয় অধিনায়ক নাদিয়া আক্তারকে আউট করেন ঢাকার বোলার রিয়া। পরবর্তীতে সাদিয়া আফরিন জান্নাতকেও শিকার বানান তিনি। মাঝে পরপর তিন ব্যাটার রানআউটের শিকার হলে ২০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে ময়মনসিংহ। শেষ পর্যন্ত ৫ ওভারে ৬ উইকেটে ২৯ রান তুলতে সক্ষম হয় তারা। ঢাকা অঞ্চল জয় পায় ১৯ রানে। দুর্দান্ত বোলিংয়ে ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় হন রিয়া মনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0