বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বায়ুদূষণের সতর্কবার্তা

১৮ জুলাই ২০২৬ - ০০:০০
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
বিশ্বকাপ ফাইনালের আগে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বায়ুদূষণের সতর্কবার্তা
ছবি : সংগৃহীত

স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার হাইভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের কাউন্টডাউন শুরু হলেও নিউ ইয়র্ক ও নিউ জার্সির আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে কানাডার দাবানল থেকে আসা ধোঁয়া ও কুয়াশার আস্তরণে। এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন এই অঞ্চলের বায়ুর মান নিয়ে স্বাস্থ্য সতর্কবার্তা জারি করেছে। বাসিন্দাদের ঘরের বাইরে শারীরিক পরিশ্রম না করার এবং যতটা সম্ভব ঘরের ভেতরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

​আগামী রবিবার রাতে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেমিফাইনালে টেক্সাসে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠা স্প্যানিশ দল বুধবার রাতে নিউ জার্সিতে পৌঁছানোর ঠিক আগেই এখানকার পরিস্থিতির অবনতি ঘটে। তবে বৃহস্পতিবার স্পেনের খেলোয়াড়েরা বাইরেই তাদের অনুশীলন সম্পন্ন করেছেন এবং আবহাওয়া নিয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেননি। অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠা আর্জেন্টিনা দল জর্জিয়ায় অবস্থান করলেও শুক্রবার বিকেল থেকে নিউ জার্সিতে তাদের অনুশীলন শুরু করার কথা রয়েছে।

​ফাইনালের উদ্বোধনী অনুষ্ঠানের এক নৃত্যশিল্পীর অভিভাবক ড্যান এডগার জানান, স্টেডিয়ামে অনুশীলনের সময় বাতাস ভারী হয়ে ওঠায় তার মেয়ের পারফর্ম করতে বেশ কষ্ট হচ্ছে। শুধু তাই নয়, গত বুধবার রাতে কুইন্সের সিটি ফিল্ডে গথাম এফসি ও ওয়াশিংটন স্পিরিটের মধ্যকার নারীদের সকার লিগের একটি ম্যাচ কমলারঙা ধোঁয়াশার মধ্যেই অনুষ্ঠিত হয়, যা নিয়ে খেলোয়াড়দের মধ্যে অসন্তোষ দেখা গেছে। ওয়াশিংটন স্পিরিটের ট্রিনিটি রডম্যানের মতে, খারাপ বায়ুর মানের কারণে ওই ম্যাচটি আয়োজন করাই উচিত হয়নি।

​তবে আশার কথা হলো, ২০২৩ সালের জুনের মতো এবার আকাশ পুরোপুরি বৈরী রূপ নেয়নি। ফলে ৮০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে হতে যাওয়া ফাইনাল ম্যাচ ও হাফ-টাইম শো ব্যাহত হওয়ার কোনও আশঙ্কা এখন পর্যন্ত নেই। শুক্রবার থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি লক্ষ্য করা গেছে এবং শনিবার বৃষ্টির পূর্বাভাস থাকায় ধোঁয়া অনেকটাই কেটে যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বায়ুর মান খারাপ থাকার কারণে শিকাগো অঞ্চলে এমএলএস-এর একটি ম্যাচ স্থগিত করা হয়েছে, যে ম্যাচটির মাধ্যমে তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডভস্কির অভিষেক হওয়ার কথা ছিল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0