মালদ্বীপের স্বাধীনতা দিবস: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র

২৫ জুলাই ২০২৬ - ২৩:১৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
মালদ্বীপের স্বাধীনতা দিবস: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে প্রেসিডেন্ট মুইজ্জুর চা-চক্র
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে চা চক্রে মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। ছবি: সংগৃহীত

তিন দিনের সরকারি সফরে মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সম্মানে এক নৈশ চা-চক্রের আয়োজন করেছেন দেশটির প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু। দ্বীপরাষ্ট্রটির ৬১তম স্বাধীনতা দিবসের উদযাপনে বিশেষ অতিথি হিসেবে এই সফরে অংশ নিচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

​শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় মালদ্বীপে পৌঁছানোর পর পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। বিমানবন্দর এলাকায় তাকে স্বাগত জানান মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদাম ও সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্তারা। সফরের সময়সূচি অনুযায়ী, ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।

​মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সফরকে দ্বিপক্ষীয় বন্ধুত্বের ক্ষেত্রে এক 'গুরুত্বপূর্ণ মাইলফলক' হিসেবে আখ্যায়িত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়, এই পদক্ষেপ দুই দেশের সম্পর্কের ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং আগামীতে সহযোগিতার পরিসর প্রসারিত করবে।

​সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন। আলোচনায় দ্বিপক্ষীয় সহযোগিতা পর্যালোচনা, বাণিজ্য, কর্মসংস্থান, পর্যটন, স্বাস্থ্য ও শিক্ষার মতো ক্ষেত্রগুলোতে অংশীদারত্ব জোরদারের উপায় খোঁজা হবে। পাশাপাশি আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে যৌথ অবস্থান এবং প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পাবে।

​উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটিই ড. খলিলুর রহমানের প্রথম মালদ্বীপ সফর। ফিলিপাইনের ম্যানিলা থেকে দোহার ট্রানজিট হয়ে তিনি মালেতে পৌঁছান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0