অনলাইন বেটিং ও ক্রিপ্টো লেনদেনে জড়িত থাকার অভিযোগ: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রকিবুল বরখাস্ত
অনলাইন বেটিং, ক্রিপ্টোকারেন্সি লেনদেন ও প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রকিবুল হাসান খান রকিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ ইতোমধ্যে এ সংক্রান্ত একটি দাপ্তরিক নির্দেশনা প্রকাশ করেছে।
গত রোববার প্রকাশিত উক্ত নির্দেশনায় উল্লেখ করা হয়, ‘বাংলাদেশ ব্যাংক স্টাফ রেগুলেশনস, ২০০৩’-এর ৪৫(৫) ধারা মোতাবেক রকিবুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এই বরখাস্তের মেয়াদে তিনি ‘বাংলাদেশ ব্যাংক প্রশাসনিক নির্দেশিকা, ২০০৩’-এর ২১(ক) ধারা অনুযায়ী নির্ধারিত জীবিকা ভাতা প্রাপ্য হবেন। নির্দেশনাটি প্রকাশের সাথে সাথেই কার্যকর করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সাইবার অপরাধ, অবৈধ বেটিং সহ বেশ কিছু গুরুতর অভিযোগ পাওয়া গেছে। তিনি উল্লেখ করেন, ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে পুলিশি মামলা হলে তদন্ত না হওয়া পর্যন্ত তাকে বরখাস্ত রাখার বিধান রয়েছে। পরবর্তীতে তদন্তে নির্দোষ প্রমাণিত হলে এই বরখাস্তের আদেশ বাতিল করা হবে।
প্রসঙ্গত, গত সপ্তাহে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রকিবুলকে গ্রেপ্তারের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি চত্বর থেকে সটে পড়েন। ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।
ব্যাংক ও পুলিশ সূত্রে জানা গেছে, রকিবুল হাসানের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকে একাধিক ব্যাংক হিসাবের সন্ধান মিলেছে, যেখানে কোটি কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অবৈধ অনলাইন বেটিং ও ক্রিপ্টোকারেন্সি কারবারে তার সংশ্লিষ্টতার তথ্যও উদঘাটিত হয়েছে। বর্তমানে এ বিষয়ে দায়েরকৃত মামলার তদন্ত চলছে এবং তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ও আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











