কাশিমপুর কারাগার থেকে পালানো নারী বন্দি রিম্পা মোহাম্মদপুরে গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া আলোচিত সাজাপ্রাপ্ত বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আইনের আওতায় আনা হয়।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কৌশলে পালিয়ে যান রিম্পা। কারাসূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যায় ফ্লাডলাইট জ্বালিয়ে কারা কর্মকর্তা-কর্মচারীদের একটি ফুটবল টুর্নামেন্ট চলছিল। সে সময় কারাগারের উঁচু টাওয়ারে দায়িত্বরত কারারক্ষীদের একটি বড় অংশ খেলা দেখায় ব্যস্ত ছিলেন। সেই সুযোগেই উঁচু প্রাচীর টপকে পালিয়ে যান এই বন্দি। রাতে নিয়মিত বন্দি গণনার (গুনতি) সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে।
এই কর্তব্যে গাফিলতির ঘটনায় ইতিমধ্যে সাতজন কারা কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গত শুক্রবার কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, মামলার এজাহারে বন্দি প্রাচীর টপকে পালানোর কথা উল্লেখ ছিল। তিনি একজন ভাসমান ব্যক্তি হওয়ায় এবং মোবাইল ব্যবহার না করায় তাকে ট্র্যাকিং করা কঠিন ছিল। অবশেষে ঘটনার তিন দিন পর র্যাবের বিশেষ অভিযানে তিনি গ্রেপ্তার হলেন। উল্লেখ্য, রিম্পা একটি চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











