দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত সহস্রাধিক
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। অধিদপ্তর জানিয়েছে, এই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫১ জন শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৬৯৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাব টেস্টে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৫ শিশু। সব মিলিয়ে এই সময়ের মধ্যে হাম ও এর উপসর্গ নিয়ে দেশে মোট ৭৮৮ জন শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ৯৩৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এই একদিনে নতুন করে ৮৮৮ জন শিশু দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৯৯২ জন।
গত ১৫ মার্চ থেকে ১৯ জুলাই পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৬৪৮ জনে। এর মধ্যে ল্যাব টেস্টের মাধ্যমে ১৪ হাজার ৪৩১ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ১৩৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৯৬ হাজার ৫২১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











