প্রশাসনকে রাজনীতিকরণ থেকে মুক্ত হয়ে জনগণের সেবক হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ জুলাই ২০২৬ - ১৫:৫০
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
প্রশাসনকে রাজনীতিকরণ থেকে মুক্ত হয়ে জনগণের সেবক হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা এবং পেশাদারিত্ব বজায় রেখে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি স্পষ্ট করে বলেন, সিভিল সার্ভিস হচ্ছে একটি রাষ্ট্রের মূল চালিকাশক্তি। তাই অতীতের দীর্ঘ ১৭ বছরের প্রশাসনিক রাজনীতিকরণের বৃত্ত থেকে বেরিয়ে এসে প্রশাসনকে সাধারণ মানুষের প্রকৃত সেবকে রূপান্তর করতে হবে।

​রোববার (১৯ জুলাই) সকালে রাজধানীর শাহবাগে অবস্থিত বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে 'জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬' উপলক্ষে আয়োজিত চার দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক জনপ্রশাসন: সরকারের অঙ্গীকার বাস্তবায়ন কর্মকৌশল’ শীর্ষক এই বিশেষ কর্মশালার আয়োজন করে বিসিএস প্রশাসন একাডেমি।

​জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) মোহাম্মদ আলতাফ-উল-আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান আলোচক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সিপিটি) মোহাম্মদ মনিরুল ইসলাম।

​স্বরাষ্ট্রমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকারের ওপর দেশের সাধারণ মানুষের সুউচ্চ প্রত্যাশা রয়েছে। আর তা পূরণের জন্য প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। উচ্চপর্যায়ের দৃষ্টি আকর্ষণ বা কেবল আনুষ্ঠানিকতার জন্য কোনো কর্মশালা বা কর্মসূচি করার কোনো যৌক্তিকতা নেই, যদি না তা মানুষের প্রকৃত কল্যাণে আসে। তিনি সরকারি কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘নিজেদের শাসক মনে না করে জনগণের সেবক হিসেবে জনসেবায় আত্মনিয়োগ করতে হবে’।

​দেশের টেকসই নীতি প্রণয়নের ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবস্থার আমূল সংস্কারের তাগিদ দিয়ে মন্ত্রী বলেন, পূর্ববর্তী রেজিমের সময় রাজনৈতিক উদ্দেশ্যে দেশের সব তথ্য ও পরিসংখ্যান ধ্বংস করা হয়েছিল। আদমশুমারি, কৃষি উৎপাদন কিংবা মাথাপিছু আয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ভুল তথ্য পরিবেশন করা হয়েছে। সঠিক নীতি নির্ধারণের স্বার্থে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) অন্যতম শীর্ষ গুরুত্বপূর্ণ সংস্থা বা মন্ত্রণালয়ে রূপান্তর করা প্রয়োজন।

​অর্থনৈতিক ভিত্তি শক্তিশালী করতে কৃষি ও প্রবাসী আয় (রেমিট্যান্স) খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এখনো মূলত কৃষিনির্ভর রাষ্ট্র। তাই কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতকে কেন্দ্র করে দেশে 'এগ্রো-ইন্ডাস্ট্রি' বা কৃষিনির্ভর শিল্প প্রসারে জোর দিতে হবে। একই সাথে দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (ভোকেশনাল ট্রেনিং) নিশ্চিত করা এবং দেশের জন্মহার নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা বিভাগকে পুনরায় সক্রিয় করার বিষয়টি সরকারের ভাবনায় রয়েছে বলে তিনি জানান।

​আমলাতন্ত্রের কার্যপরিধি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নীতি ও পলিসি মূলত সরকারের উচ্চপর্যায়ে এবং রাজনৈতিক ম্যান্ডেটের আলোকেই তৈরি হয়। ব্যুরোক্রেসির প্রধান কাজ হলো সেই নীতির ওপর ভিত্তি করে সঠিক কর্মসূচি ও প্রকল্প তৈরি করা এবং আইএমইডির তদারকির মাধ্যমে তা সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা। তিনি কর্মকর্তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, নিয়মের বাইরে কোনো ধরনের কার্যক্রম চালানো যাবে না। জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত নির্বাচিত সরকারের নির্বাচনী ইশতেহার এবং ৩১ দফা অঙ্গীকার বিধি মোতাবেক বাস্তবায়ন করাই প্রশাসনের মূল দায়িত্ব।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0