বায়ু ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
দেশের বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে ইটভাটার মাধ্যমে সৃষ্ট দূষণ রোধ, রাজধানী ঢাকা থেকে ফিটনেসবিহীন ও পরিবেশের জন্য ক্ষতিকর যানবাহন অপসারণ এবং হর্নের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন প্রয়োগকারী সংস্থাকে কঠোর ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন তিনি।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে সভাপতিত্বকালে তিনি এই নির্দেশনা দেন। সভায় দেশের বর্তমান পরিবেশগত পরিস্থিতি পর্যালোচনা করে দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ মোকাবিলায় বৈঠকে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় প্রধানমন্ত্রী পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তির মাধ্যমে ইট উৎপাদনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঢাকার শব্দদূষণ নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ক্যামেরার আদলে হর্ন ট্র্যাকিংয়েও এআই প্রযুক্তি ব্যবহারের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া নগরীর যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে ঢাকার আরও অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট সিস্টেম (অটোমেটিক ট্রাফিক লাইট) চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
উচ্চপর্যায়ের এই বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ এবং ঢাকার দুই সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











