সংবিধান সংশোধন করা হবে, সংস্কার বা পুনর্লিখন নয়: মির্জা ফখরুল

১৭ জুলাই ২০২৬ - ১৫:৫৩
3 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
সংবিধান সংশোধন করা হবে, সংস্কার বা পুনর্লিখন নয়: মির্জা ফখরুল
মির্জা ফকরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত।

বিএনপি বরাবরই সংবিধান সংশোধনের পক্ষে, এর 'সংস্কার' বা পুনর্লিখনের পক্ষে নয় বলে স্পষ্ট জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার বিবেচনা করে ভোট দিয়েছেন এবং সেই অনুযায়ী দুই-তৃতীয়াংশ (টু-থার্ড) সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে।

​শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দীন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

​মির্জা ফখরুল অভিযোগ করেন, জুলাই-আগস্টের রক্তাক্ত ছাত্র-গণঅভ্যুত্থানের ঐতিহাসিক অর্জন ও 'জুলাই সনদ' নিয়ে রাজনৈতিক অঙ্গনে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। তিনি দৃঢ়তার সঙ্গে জানান, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষরের প্রতি শ্রদ্ধাশীল এবং তা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তবে তা কার্যকর করা হবে জনগণের রায় ও দলের নিজস্ব নির্বাচনী ইশতেহারের আলোকেই।

​উক্ত সনদের কিছু বিষয়ে দ্বিমত পোষণ করে বিএনপি মহাসচিব বলেন, সংবিধানে উচ্চকক্ষ গঠন কিংবা নির্বাচনে আনুপাতিক হারে ভোট ও প্রতিনিধিত্বের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি। এই প্রস্তাবনাগুলোর সঙ্গে বিএনপি কখনোই একমত ছিল না উল্লেখ করে তিনি বলেন, জনগণের স্পষ্ট সম্মতি ছাড়া এ ধরনের কিছু বিষয় সামনে নিয়ে এসে জাতির সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে।

​দেশের বিগত দিনের বড় বড় গণতান্ত্রিক ও পদ্ধতিগত সংস্কারের পেছনে বিএনপির অবদানের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, কিছু বিরোধী দল জুলাই মাসের আন্দোলনকে কেবল ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায়। তবে এই আন্দোলন হঠাৎ করে এক মাসে তৈরি হয়নি। দীর্ঘ ১৮-১৯ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে চলমান লড়াইয়েরই এটি চূড়ান্ত রূপ। এই দীর্ঘ লড়াইয়ে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মী মামলার শিকার হয়েছেন, গুম হয়েছেন ১,৭০০ জন এবং প্রাণ হারিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী।

​স্মরণসভায় প্রয়াত অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সহজ-সরল জীবনধারা ও সুউচ্চ দর্শনের স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ক্ষমতার লোভ কিংবা বৈষয়িক কোনো সুযোগ-সুবিধার জন্য তিনি বিএনপির পাশে দাঁড়াননি। দল যখন ক্ষমতার বাইরে থেকে গণতন্ত্রের জন্য কঠিন সংগ্রাম করছিল, তখন তিনি আমাদের পথ দেখিয়েছেন। তিনি ছিলেন মূলত আমাদের উদারপন্থী গণতন্ত্রের বাতিঘর।

​দেশের বর্তমান জটিল রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট উত্তরণে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষত রাতারাতি দূর করা সম্ভব নয়। ১৯৭১ সালে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলাম, ২০২৪ সালেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছি। তাই বর্তমান সময়ে বিভাজনের রাজনীতি বর্জন করে সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও প্রগতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0