বন্যার্তদের পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারি সহযোগিতা অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী
চট্টগ্রামে বন্যার্তদের পুনর্বাসন প্রক্রিয়া পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সরকারের পক্ষ থেকে সব ধরনের ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান।
পরিস্থিতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, জেলার প্রায় সাত লক্ষাধিক মানুষ বর্তমানে পানিবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। ইতিমধ্যে দুর্গত এলাকার ৭৫ হাজার পরিবারকে চাল, ডাল ও শুকনো খাবার এবং আরও ৪০ হাজার পরিবারকে রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে। সরকারের এই মানবিক সহায়তা কর্মসূচি চলমান রয়েছে এবং তা অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণের পাশাপাশি পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তিনি জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হলে অনতিবিলম্বে পুনর্বাসন কার্যক্রম শুরু করা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের চাহিদা অনুযায়ী বীজ, সারসহ প্রয়োজনীয় সব উপকরণ দেওয়া হবে। এছাড়া বন্যা-পরবর্তী রোগবালাই ও স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় পর্যাপ্ত ওষুধ প্রস্তুত রাখা হয়েছে এবং যেকোনো পরিস্থিতি সামাল দিতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
এর আগে অর্থমন্ত্রী পতেঙ্গার মাইঝ পাড়া মাহমুদুন নবী চৌধুরী স্কুলের সামনে, হাদি পাড়া ও খেজুর তলি এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এ সময় তাঁর সাথে চসিক মেয়র শাহাদাত হোসেন, সংসদ সদস্য আবু সুফিয়ান ও এরশাদ উল্লাহ এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা উপস্থিত ছিলেন। পতেঙ্গার কর্মসূচি শেষে অর্থমন্ত্রী জেলার চন্দনাইশ উপজেলার দোহাজারী, সাতকানিয়া উপজেলার নলুয়া, লোহাগাড়া উপজেলার আধুনগর এবং বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রওনা হন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











