বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় রেখে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান ২০২৬ সালের এইচএসসি ও সমমানের সব অবশিষ্ট পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পক্ষ থেকে পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বর্তমান অবস্থা, শিক্ষার্থীদের মানসিক চাপ, বিভিন্ন অংশীজনদের মতামত এবং বন্যা-পরবর্তী যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছানোর সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়েছে। এসব পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরীক্ষা স্থগিতের যৌথ সিদ্ধান্ত নেয় আন্তঃশিক্ষা বোর্ড।
এই সিদ্ধান্তের ফলে সাধারণ এইচএসসি পরীক্ষা ছাড়াও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের স্থগিত হওয়া পরীক্ষাগুলোর ক্ষেত্রেও একই নির্দেশনা প্রযোজ্য হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন ও সংশোধিত সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে। তবে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন জেলার বাইরের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো আগের রুটিন ও সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











