শিক্ষার্থীদের আন্দোলনের নামে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের নেপথ্যে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে কিছু মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন উল্লেখ করে তিনি বলেন, তারা নিজেদের পরিচয় আড়াল করে বিভিন্ন ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চালাচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যেসকল শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি বা ব্যর্থ হয়েছেন, তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ার সময়ে এই শিক্ষার্থীরাও পরীক্ষায় অংশ নিতে পারবেন।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় এ ঘটনার সুষ্ঠু তদন্ত করবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একই সাথে ভুল হওয়া দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দিয়ে দেওয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। অন্যদিকে, শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের প্রসঙ্গে তিনি জানান, শিক্ষামন্ত্রী ইতিপূর্বে সংসদে এ বিষয়ে দুঃখপ্রকাশ করেছেন, তাই এ নিয়ে আর নতুন কিছু বলার নেই।
আন্দোলনের গভীরতা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, সরকার বিষয়টিকে খুব একটা গুরুত্বের সাথে নিচ্ছে না। কেবল দু-একটি জেলা এবং ঢাকার কয়েকটি স্পটে সীমিতসংখ্যক মানুষকে এ বিষয়ে কথা বলতে দেখা গেছে। মূলত গণমাধ্যমে আসায় বিষয়টি বেশি আলোচনায় এসেছে। সড়ক অবরোধে জনভোগান্তির বিষয়ে তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত কিংবা পরীক্ষা ছাড়া পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল, যার ধারাবাহিকতা এখনো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, "আমরা শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবো না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চাই।" এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অটোপাস, অতিরিক্ত নম্বর দেওয়া এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, এসবের কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে উত্তরণে কাজ করছে।
আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী একে 'ডিসইনফরমেশন' বা অপপ্রচার বলে অভিহিত করেন। তিনি বলেন, প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে। পেছনে কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যয় ব্যক্ত করে বলেন, "পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











