দেশকে সবুজায়নে শিশুদের প্রতি বছর অন্তত একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশকে আরও সবুজ ও সুন্দর করে গড়ে তুলতে দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি কোমলমতি শিশুদের প্রতি বছর অন্তত একটি করে বৃক্ষ রোপণের অনুরোধ করেছেন।
আজ বুধবার (১৫ জুলাই ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে তিনি বিশেষ এই কর্মসূচির সূচনা করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী নিজে একটি নিমগাছের চারা রোপণ করেন। এর মাধ্যমে দেশজুড়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে চারা রোপণ প্রক্রিয়ার সূচনা হয়। আজ দিনব্যাপী দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "ছোট্ট বন্ধুরা, তোমরা চেষ্টা করবে প্রতি বছর একটি করে গাছ রোপণ করতে। সেটি তোমাদের স্কুলে হোক বা বাসার আশপাশে। যেখানে মনে করবে সেখানেই একটি করে গাছ রোপণ করবে।"
শিক্ষার্থীদের ইন্টারনেটের সহায়তায় গাছের কার্যকারিতা জানার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, "গাছটি কি পরিমাণ অক্সিজেন উৎপাদন করে, ওই গাছটি মানুষের কী কী উপকারে আসে এই বিষয়গুলো তোমরা ইন্টারনেট ঘেটে বিভিন্নভাবে রিসার্চ করবে।"
বৃক্ষরোপণের সুফল তুলে ধরে তারেক রহমান বলেন, এর মাধ্যমে প্রতি বছর শিক্ষার্থীরা একটি নির্দিষ্ট গাছ সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করতে পারবে। বিদ্যালয়ের গাছ বড় হয়ে তাদের ছায়া ও বিশ্রামের জায়গা দেবে। একইভাবে বাড়িতে গাছ লাগালে তা বড় হয়ে ঠান্ডা পরিবেশ ও সুন্দর বাতাস উপহার দেবে, যা ঘরে বসেই উপভোগ করা সম্ভব। দিনটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় আখ্যা দিয়ে তিনি বলেন, আজ সবাই মিলে দেশের মাটিতে একসঙ্গে বহুসংখ্যক গাছ রোপণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী পর্ব শেষে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তৈরি প্রাণ-প্রকৃতি বিষয়ক বিভিন্ন শিক্ষণীয় ও সচেতনতামূলক প্রকল্প ঘুরে দেখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0










