তিন বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার আশ্বাস শিক্ষামন্ত্রীর, মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ
উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান এবং যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সম্প্রতি নিজের একটি বক্তব্যকে কেন্দ্র করে তৈরি হওয়া সমালোচনার প্রেক্ষিতে তিনি দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনা চলাকালীন সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সংসদের প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম এইচএসসি পরীক্ষা নিয়ে প্রশ্ন তোলেন এবং পরে বিলের ওপর আলোচনার সময়ও বিষয়টি পুনরায় উত্থাপন করেন। শফিকুল ইসলাম উল্লেখ করেন, সংসদ অধিবেশন চলাকালে পরীক্ষার্থীরা তাদের দাবি নিয়ে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। এই পরিস্থিতিতে শিক্ষার্থীদের সাথে দ্রুত আলোচনা করে সংকটের সমাধান করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
সংসদ সদস্যের বক্তব্যের জবাবে শিক্ষামন্ত্রী জানান, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হয়েছিল, সেদিন দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত ছিল। অনেক পরীক্ষার্থী বৃষ্টিতে ভিজে কেন্দ্রে উপস্থিত হয়েছেন এবং অনেকে স্বাভাবিকভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, "আমরা পুরো বিষয়টি নিয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেছি। বন্যার কারণে ইতোমধ্যে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলার পরীক্ষা স্থগিত করা হয়েছে, যা পরবর্তীতে পুনরায় নেওয়া হবে। ইনশা আল্লাহ, সেই স্থগিত পরীক্ষার সময়েই পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষাও নতুন করে নেওয়ার ব্যবস্থা করা সম্ভব হবে।"
এদিকে নিজের একটি মন্তব্য নিয়ে সামাজিক ও রাজনৈতিক মহলে সমালোচনার জবাবে শিক্ষামন্ত্রী বলেন, "আমার একটি ব্যক্তিগত বক্তব্য নিয়ে অনেকে আপত্তি তুলেছেন। এই বিষয়ে আমি স্পষ্ট করতে চাই যে, কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য আমি কিছু বলিনি। তারপরও আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য আমি সরলভাবে দুঃখ প্রকাশ করছি।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











