চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

২৩ জুলাই ২০২৬ - ১৮:৩৮
2 মি. পড়ার সময়
সংবাদ শুনুন প্লে করতে ক্লিক করুন
 চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি
দর্শনা সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি। ছবি:সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে পাঁচজনকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানোর (পুশ-ইন) উদ্যোগ ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির সতর্ক টহল দলের জোরালো বাধার মুখে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এ প্রচেষ্টা ব্যর্থ হয়।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোর ৪টার দিকে দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৭৬/৪-এস সীমান্ত পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের সদস্যরা এই পুশ-ইনের চেষ্টা চালায়।

​পরবর্তীতে বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসীন হাবীব হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুশ-ইনের চেষ্টা করা পাঁচ ব্যক্তির মধ্যে একজন পুরুষ, তিনজন নারী ও পাঁচ বছর বয়সী এক শিশু ছিল। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের আগেই বিজিবির টহল দল তাদের শনাক্ত করে এবং সীমান্ত অতিক্রমে কঠোরভাবে বাধা প্রদান করে ।

​বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ওই পাঁচজনকে কিছু সময় কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করিয়ে রাখা হয়। শেষ পর্যন্ত বিএসএফ তাদের পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নিতে বাধ্য হয়, যার ফলে অবৈধ পুশ-ইনের পুরো প্রক্রিয়াটি নস্যাৎ হয়ে যায়।

​এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে যাচ্ছে। ভবিষ্যতে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করতে বিজিবির সদা প্রস্তুত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে

লাইক লাইক 0
অপছন্দ অপছন্দ 0
ভালোবাসা ভালোবাসা 0
হাসি হাসি 0
বিস্ময় বিস্ময় 0
দুক্ষ দুক্ষ 0
রাগ রাগ 0