ইরানে মার্কিন হামলা আপাতত স্থগিত: পেছনে ক্ষেপণাস্ত্র সংকটের ভয়
ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান আপাতত প্রসারণ না করার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সামরিক বাহিনীর বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুত আশঙ্কাজনকভাবে কমে যাওয়া নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার জ্যেষ্ঠ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকের পরই ট্রাম্প এই সিদ্ধান্ত গ্রহণে রাজি হন। মার্কিন সামরিক কর্মকর্তাদের সতর্কবার্তা অনুযায়ী, পূর্ণমাত্রায় নতুন কোনো হামলা চালানো হলে প্যাট্রিয়টের মতো গুরুত্বপূর্ণ বিমান প্রতিরক্ষা মিসাইলের মজুত দ্রুত ফুরিয়ে যেতে পারে, যা মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সেনা ও ঘাঁটির নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকি তৈরি করবে।
এছাড়া, হামলা জোরদার করা হলে ইরানের পক্ষ থেকেও তীব্র পাল্টাহাট্টা আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরির পাশাপাশি জ্বালানি বাজারে বিশৃঙ্খলা ও নতুন শরণার্থী সংকট ঘনীভূত হতে পারে। যদিও এই বিষয়ে হোয়াইট হাউসের কোনো প্রাতিষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
অন্যদিকে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় পাঁচ মাসে গড়ালেও মার্কিন জনগণের পর্যাপ্ত সমর্থন আদায় করতে ব্যর্থ হয়েছেন ট্রাম্প। বিভিন্ন জনমত জরিপের বিশ্লেষণে স্পষ্ট যে, সাম্প্রতিক সময়ের অন্য যেকোনো মার্কিন সামরিক অভিযানের তুলনায় এই যুদ্ধে জনসমর্থন সর্বনিম্ন।
নিউজউইকের পর্যালোচনা অনুযায়ী, আফগানিস্তান ও ইরাক যুদ্ধের সূচনালগ্নে বড় সমর্থন থাকলেও পরে তা হ্রাস পায়, কিন্তু ইরান যুদ্ধের শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের পক্ষে জনসমর্থন অত্যন্ত কম। গ্যালাপের জরিপে মাত্র ৩৪ শতাংশ মার্কিনি সামরিক অভিযানের পক্ষে মত প্রকাশ করেছেন। কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের জরিপ বলছে, নিবন্ধিত ভোটারদের ৪০ শতাংশ যুদ্ধের পক্ষে এবং ৫৩ শতাংশ বিপক্ষে। আর ওয়াশিংটন পোস্ট-ইপসোসের জরিপ অনুযায়ী, ট্রাম্পের এই যুদ্ধ পরিচালনার প্রতি সমর্থন কমে ২৯ শতাংশে নেমে এসেছে, যেখানে ৬৮ শতাংশ উত্তরদাতা যুদ্ধের কোনো প্রয়োজন ছিল না বলে মনে করেন। যুদ্ধ শুরু হওয়ার আগে ট্রাম্পের জনপ্রিয়তার মাত্রা ৪০ শতাংশ থাকলেও বর্তমানে তা কমে ৩৬ শতাংশে নেমে এসেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে
লাইক
0
অপছন্দ
0
ভালোবাসা
0
হাসি
0
বিস্ময়
0
দুক্ষ
0
রাগ
0











